ভারত–পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, ব্যবসা ও বিপণনের দুনিয়াতেও বড়সড় লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোয় এই ব্লকবাস্টার ম্যাচ ঘিরে বিজ্ঞাপনের বাজারে যেন সোনার দামে বিকোচ্ছে প্রতিটি সেকেন্ড। ব্র্যান্ডগুলির মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত স্লট দখলের হুড়োহুড়িতে বিজ্ঞাপনের দর বেড়েছে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত।
এই হাইভোল্টেজ ম্যাচ শুধু সম্প্রচার সংস্থাগুলির আয়ের দরজা খুলে দেয়নি, বরং শ্রীলঙ্কার পর্যটন ও আতিথেয়তা শিল্পেও এনেছে বড়সড় চাঙ্গাভাব। ভারত থেকে হাজার হাজার সমর্থক কলম্বোয় পৌঁছনোয় বিমান সংস্থা ও হোটেলগুলিও মোটা মুনাফা করছে। বিমান ভাড়া বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আর হোটেল বুকিংয়ের চাহিদা বেড়েছে ৬৫ শতাংশ পর্যন্ত। প্রিমিয়াম রুমের দামও বেড়েছে প্রায় ২৫ শতাংশ।


একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের সাধারণ বড় ম্যাচে টিভিতে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম যেখানে থাকে ২০–২৫ লক্ষ টাকার মধ্যে, সেখানে ভারত–পাক ম্যাচের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০–৪০ লক্ষ টাকায়। ডিজিটাল প্ল্যাটফর্মেও একই ছবি—১০ সেকেন্ডের স্লটের দাম পৌঁছেছে ১৫–২০ লক্ষ টাকায়।
বিশেষজ্ঞদের মতে, শেষ মুহূর্তে বিজ্ঞাপনের চাহিদা ২০–২৫ শতাংশ বেড়েছে। ফলে ম্যাচের প্রায় প্রতিটি বিরতিতেই বিজ্ঞাপনের বন্যা দেখা যেতে পারে। সম্প্রচারকারী সংস্থার টুর্নামেন্ট থেকে মোট আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ২০০০ কোটি টাকা।
এই মেগা ম্যাচে বিজ্ঞাপন দিচ্ছে একাধিক বড় সংস্থা—এমিরেটস, ওপেনএআই, বিড়লা ওপাস, র্যাপিডো, আমুল, মাহিন্দ্রা, হুন্ডাই, ব্রিটানিয়া এবং জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিলের মতো নামী ব্র্যান্ড। বিপণন বিশেষজ্ঞদের মতে, অটো, এফএমসিজি ও আর্থিক পরিষেবা খাতের সংস্থাগুলি এই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চায় না। দর্শকসংখ্যা রেকর্ড ছুঁতে পারে বলেই ব্র্যান্ডগুলি বাজেটের সীমা ছাড়িয়ে স্লট বুক করছে।









