সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৪ জনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে। কে ভেবেছিল আনন্দ বিষাদে পরিণত হয়ে যাবে। জানা গিয়েছে, পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনা। ঘটনার জেরে প্রাণ গেল কমপক্ষে ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের দাদপুর এলাকায়।

আরও পড়ুন: মহারাজের নামে হাসপাতালেই তৈরি হল একটি লাউঞ্জ।

সূত্রের খবর, মঙ্গলবার ভোরে পিকনিক করতে পিকঅ্যাপ ভ্যানে রানাঘাট থেকে লালবাগে যাচ্ছিলেন ১৬ জন। রেজিনগর ও বেলডাঙা থানার মাঝে গাড়ি থামিয়ে কয়েকজন নামেন। সেই সময়ই উলটো দিক থেকে আসা বেপরোয়া একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। আহত হন যাত্রীরা। আর্তনাদ কানে পৌঁছতেই স্থানীয়রা বেরিয়ে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় থানায়।

পুলিশ ও স্থানীয়রা তড়িঘড়ি আহত ১০ জনকে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যালে। সেখানেই ডাক্তাররা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার। মৃতেরা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা।

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, জানা গিয়েছে, আহত আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নাকি ট্রাকটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়েছে নিহতদের পরিবার। পিকনিকের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত