নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান দেখতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী সাতদিন অর্থাৎ ২১শে সেপ্টেম্বরের মধ্যে ইডি-কে ডায়মন্ড হারবারের সাংসদের সম্পত্তির পরিমাণ জানাবার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।


বুধবার ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় বৈঠকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যয়কে তলব করে ইডি। বৈঠক ছেড়ে ইডি-র দফতরেই হাজির হন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। প্রায় ৯ ঘন্টা জেরা সামলে বেরিয়ে অভিষেক ইডি-কে চ্যালেঞ্জ করে বলেন, ১০ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠে মৃত্যুবরণ করবেন! সঙ্গে এও স্বীকার করে নেন, লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও ছিলেন তিনিই।

এদিকে আজ নিয়োগ দুর্নীতি শুনানিতে ইডির কাছে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার পাঁচটি বিষয় জানতে চায় হাই কোর্ট। সংস্থার সিইও অভিষেকের সম্পত্তির খতিয়ান চান বিচারপতি সিংহ। পাশাপাশি, সংস্থার সকল ডিরেক্টরের সম্পত্তির পরিমাণও ইডিকে জানাতে বলেন বিচারপতি। ইডি সূত্রে খবর, সংস্থার ডিরেক্টরের তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের পরিবারের বেশ কয়েক জন।



বিচারপতির নির্দেশ, সংস্থার সব সদস্যের সম্পত্তির বিবরণ দিতে হবে। সংস্থার সংগঠনের স্মারকলিপি জমা করতে হবে ইডিকে। সংস্থার নথিভুক্তকরণের (রেজিস্ট্রেশন) তারিখ জানাতে হবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর নাম উঠে এসেছে। সেই সঙ্গে চিত্র নির্মাতা তথা প্রযোজক সংস্থা জড়িত বলেও অভিযোগ। তাদেরও সম্পত্তির খতিয়ান পেশ করার ব্যাপারে ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
অভিষেকের সম্পত্তির খতিয়ান চাইল হাইকোর্ট, সাত দিনের মধ্যে ED-কে জমা দেওয়ার নির্দেশ
ফলে, আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইডি যে আরও সক্রিয় ভাবে ময়দানে নামবে তা বলার অপেক্ষা রাখে না। এখন, আগামী ৭ দিনের মধ্যে এজেন্সি যদি অভিষেকের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব দিতে পারে তাহলে আদালতের তরফেও বা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলছে রাজনৈতিক মহলে।








