খাবারে বিষক্রিয়ায় অসুস্থ অভিষেক শর্মা, টিম ইন্ডিয়ায় উদ্বেগ, পাক ম্যাচে নেই ওপেনার!

খাবারে বিষক্রিয়া ও ডিহাইড্রেশনে হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা, নামিবিয়ার ম্যাচে অনিশ্চিত অংশগ্রহণ—পাকিস্তান ম্যাচের আগে সতর্ক টিম ম্যানেজমেন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। ওপেনার অভিষেক শর্মা গুরুতর পেটের সমস্যায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে। অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে, ফলে টিম ম্যানেজমেন্টের চিন্তা আরও বেড়েছে।

জানা গেছে, শরীরে জলের ঘাটতির কারণে অল্প সময়েই তাঁর ওজন বেশ কমে যায়। সূত্রের খবর, ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকেই সমস্যার সূত্রপাত। সেখানে এমন কিছু খাবার খাওয়ার পর থেকেই পেটের গোলমাল শুরু হয়। শারীরিক অবস্থা ভালো না থাকলেও তিনি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেছিলেন, কিন্তু মাত্র এক বল খেলেই ফিরে যেতে হয় তাঁকে।

আমেরিকার বিরুদ্ধে ম্যাচের পর গোটা ভারতীয় দল কোচ গৌতম গম্ভীরের বাড়িতে যায়। তবে পেটের সমস্যা ও আবহাওয়ার পরিবর্তনে অভিষেকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। জ্বর ও ডিহাইড্রেশনের কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকতে হচ্ছে তাঁকে। এই কারণে তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন না, সেটাই প্রায় নিশ্চিত। কারণ সামনে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ, তার আগে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডুশখাটে জানিয়েছেন, অভিষেকের পেটের সমস্যা এখনও পুরোপুরি সারেনি, তবে কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাঁর মাঠে ফেরার সময় পুরোপুরি নির্ভর করছে শারীরিক অবস্থার উন্নতির উপর।

দ্রুত সুস্থ হওয়ার লক্ষ্যে অভিষেক তাঁর ব্যক্তিগত ট্রেনারকেও দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। শ্রীলঙ্কা সফরের আগে ফিটনেস ফিরে পাওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য। টুর্নামেন্টে দলের কৌশলে ওপেনার হিসেবে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় টিম ইন্ডিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর