ভারত–পাকিস্তান ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, আবেগ, রাজনীতি ও মর্যাদার লড়াইও। কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের আগে আবারও সামনে এল এক বিতর্ক—পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয় ক্রিকেটাররা। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর, তবে সমালোচনা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ভারতীয় দল।
দীর্ঘ টালবাহানা ও বয়কটের নাটক শেষে অবশেষে রবিবার কলম্বোয় মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচের আগে সবচেয়ে বড় কৌতূহল ছিল, পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করবেন কি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব? বহু বছর ধরে ভারত–পাক ম্যাচে সৌজন্যের সেই ছবি দেখা গিয়েছে, তাই এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।


সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে সূর্যকুমার স্পষ্ট কোনও জবাব দেননি। তবে দলীয় সূত্রে খবর, রবিবারের ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতীয়রা।
এই সিদ্ধান্তকে ‘বোকামি’ বলে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, ক্রিকেটের মূল আদর্শই হল খেলোয়াড়দের পারস্পরিক সম্মান ও সৌজন্য। করমর্দন বন্ধ করা সেই ভাবনাকেই আঘাত করছে।
তবে মঞ্জরেকরের সমালোচনা সত্ত্বেও ভারতীয় শিবিরে অবস্থান বদলের কোনও ইঙ্গিত নেই। সূত্রের খবর, দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক করমর্দন এড়িয়ে চলবে ভারতীয় দল। ফলে কলম্বোর মাঠে আজ ক্রিকেটের পাশাপাশি সৌজন্য নিয়েও নজর থাকবে সমর্থকদের।










