পাকিস্তান ম্যাচের আগে ধাক্কা! অনিশ্চিত অভিষেক, সূর্যের আপডেটে বাড়ল চিন্তা

জ্বর ও পেটের সমস্যায় অনিশ্চিত অভিষেক শর্মা। পাকিস্তান ম্যাচেও তাঁকে না পাওয়ার ইঙ্গিত সূর্যকুমারের, চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান মহারণের আগে বড় দুশ্চিন্তার খবর শিবিরে। দলের অন্যতম ওপেনার অভিষেক শর্মা এখনও পুরোপুরি সুস্থ নন—এই আপডেট সামনে আসতেই সমর্থকদের উদ্বেগ বেড়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত, যা বড় ম্যাচের আগে টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা।

অনেক টালবাহানার পর ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আইসিসির হস্তক্ষেপে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতের শিবিরে চিন্তা বাড়াচ্ছে অভিষেকের শারীরিক অবস্থা।

পেটের সমস্যা ও জ্বরের কারণে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি অভিষেক। তাঁর পরিবর্তে দলে জায়গা পান সঞ্জু স্যামসন। ম্যাচের আগে টসে সূর্যকুমার যাদব বলেন, “অভিষেক এখনও সুস্থ হয়নি। পরের এক-দু’টি ম্যাচে ওকে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। কবে পুরোপুরি ফিরবে, সেটা এখনই বলা কঠিন।”

এই মন্তব্যে পরিষ্কার, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অভিষেকের নামার সম্ভাবনা খুবই কম। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছে।

ভারতের জন্য এটা বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে দারুণ ফর্মে ছিলেন অভিষেক। ২০২৫ সালের এশিয়া কাপেও তিন ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। ফলে এই মর্যাদার ম্যাচে তাঁর অনুপস্থিতি টিম কম্বিনেশনে প্রভাব ফেলতে পারে।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন অভিষেক। তাঁর সুস্থ হয়ে ফেরার সময়সূচি এখনও স্পষ্ট নয়। এখন নজর, সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর