আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাংলায় নারীকে সম্মান জানানো কোনও একদিনের আনুষ্ঠানিকতা নয়—এটি বাংলার সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। রবিবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বাংলার নারীশক্তিকে কুর্নিশ জানান এবং নারী ক্ষমতায়নে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লেখেন, বাংলায় নারীদের সম্মান দেওয়া কোনও প্রতীকী বিষয় নয়, বরং তা দীর্ঘদিন ধরে বাংলার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁর কথায়, নারীর শক্তি, মর্যাদা এবং অদম্য সাহসই সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং প্রতিদিনই অসংখ্য নারী তাঁদের কাজ ও সংগ্রামের মাধ্যমে সমাজকে নতুন পথে এগিয়ে দিচ্ছেন।


নারীশক্তির এই ঐতিহ্যকে বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত করে তিনি আরও বলেন, বাঙালির ঘরে দুর্গাকে ঘরের মেয়ে হিসেবে পুজো করা হয় এবং এই ভূখণ্ডকেও মা বলে ডাকা হয়। তাঁর মতে, এই সংস্কৃতিই বাংলায় নারীকে সম্মান জানানোর এক গভীর ঐতিহ্য তৈরি করেছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কথাও উল্লেখ করেন অভিষেক। তাঁর বক্তব্য, গত পনেরো বছর ধরে বাংলার নেতৃত্বে রয়েছেন এক নারী, যিনি তাঁর সাহস, দৃঢ়তা এবং লড়াইয়ের মানসিকতার মাধ্যমে দৃঢ় নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারী ক্ষমতায়ন শুধু নীতির স্তরে সীমাবদ্ধ থাকেনি, বরং লক্ষ লক্ষ নারীর জীবনে নতুন সুযোগ ও মর্যাদার পথ খুলে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
বার্তার শেষে বাংলার নারীদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ। তাঁর মতে, বাংলার প্রকৃত শক্তি তার নারীরাই। তাঁদের সাহস, সংগ্রাম এবং সাফল্যই সমাজকে আরও শক্তিশালী, ন্যায়সঙ্গত এবং সমঅধিকারের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।









