নজরবন্দি ব্যুরো: সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সংসদের গান্ধীমূর্তির পাদদেশে ধরনাতেও যোগ দেবেন বলেই খবর। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে তাঁর। রবিবার বিকেলেই ৫ টার বিমানে দিল্লি যাবেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন: মণিপুর ইস্যুতে উত্তাল হবে বাংলার বিধানসভা! অধিবেশনের শুরুতেই নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল
গত ২০ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু পরদিনই অর্থাৎ ২১ জুলাই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে কর্মসূচি ছিল ধর্মতলায়। যার প্রস্তুতি খতিয়ে দেখতে তৃণমূলের অনেক সাংসদই অধিবেশনে যোগ দিতে পারেননি। আগামী সোমবার সংসদের লোকসভা অধিবেশনে দেখা যেতে পারে ডায়মন্ড হারবার সাংসদকে। আগামীকাল মণিপুর ইস্যুতে প্রতিবাদ জানিয়ে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবে বিরোধী দল। সেখানেও যোগ দিতে পারেন অভিষেক। গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর। মণিপুর হিংসা নিয়ে অধিবেশনের শুরু থেকেই সরব বিরোধীরা। এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছেন তাঁরা। আগামীকাল ফের একবার সংসদের দুই কক্ষই উত্তাল হতে পারে।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকল্পের টাকা আদায়ের উদ্দেশে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন। গত ২১ জুলাই মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন দিল্লি যাওয়া হবে। তৃণমূলের কর্মী-সমর্থকদের ‘দিল্লি চলো’র আহ্বান জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় দিনে দিনে এগিয়ে আসছে। ২৪-এ মোদীকে ক্ষমতাচ্যূত করতে দেশের একাধিক বিরোধী দল একজোট হয়েছে। ইউপিএ-র অবসান ঘটিয়ে মহাজোটের নামকরণ হয়েছে ‘ইন্ডিয়া’ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স।
সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে আজই দিল্লি রওনা দেবেন Abhishek Banerjee




