ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগে সংগঠনকে চাঙ্গা রাখতে ও শেষ মুহূর্তের কৌশল ঠিক করতে তৎপর তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার রাতে দলের প্রার্থী, সাংসদ ও শীর্ষ নেতৃত্বকে নিয়ে ভারচুয়াল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই নির্ধারিত হতে পারে প্রথম দফার ভোটের আগে চূড়ান্ত নির্বাচনী রণকৌশল।
দলীয় সূত্রে খবর, রাত ৮টা নাগাদ শুরু হবে এই বৈঠক। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের লক্ষ্য করে ‘লাস্ট মিনিটস সাজেশন’ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রচারের বাকি দিনগুলো কীভাবে কাজে লাগানো হবে, কোন ইস্যুতে জোর দেওয়া হবে—সেই দিকনির্দেশই মূলত উঠে আসতে পারে এই বৈঠকে।


বিশেষ করে Indian Political Action Committee (আইপ্যাক)-এর ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের অভিযোগ, Enforcement Directorate (ইডি)-র এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই ইস্যুকে জনসংযোগে কীভাবে তুলে ধরা যায়, সে বিষয়ে প্রার্থীদের পরামর্শ দিতে পারেন অভিষেক।
এদিকে, ভোটের প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না শাসক শিবির। গত এক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় টানা প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গ এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মঙ্গলবারও উত্তরবঙ্গে ব্যস্ত কর্মসূচি রয়েছে অভিষেকের। কোচবিহার-এ জনসভা এবং ময়নাগুড়ি-তে রোড শো করার কথা রয়েছে। সেখানকার প্রচার সেরে কলকাতায় ফিরে রাতেই ভারচুয়াল বৈঠকে যোগ দেবেন তিনি।


এই বৈঠকে দলের সব প্রার্থীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবেন সাংসদ ও বর্ষীয়ান নেতারাও। রাজনৈতিক মহলের মতে, ভোটযুদ্ধের আগে সংগঠনকে আরও সক্রিয় করা এবং বার্তা এক রাখতেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।








