ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যখন তুঙ্গে উত্তেজনা, ঠিক সেই সময় মেদিনীপুরের মাটি থেকে আগুন ঝরালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত ভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে বুথস্তরের কর্মীদের প্রকাশ্য নির্দেশ দিলেন তিনি—আইন মানা না হলে রাজনৈতিক প্রতিরোধ হবে, তবে ‘ভদ্রভাবে’।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট মাঠে আয়োজিত ‘রণসংকল্প সভা’য় অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, “১০টার বেশি কোনও ফর্ম বৈধভাবে জমা দেওয়া যায় না। ফর্ম জমার শেষ তারিখ ছিল গতকাল, সময়সীমা বাড়িয়ে ১৯ তারিখ করা হয়েছে। যদি কোনও বিজেপির নেতা শেষ মুহূর্তে ইআরও-র দফতরে ১০টার বেশি ফর্ম জমা দিতে আসে, তা হলে ভদ্রভাবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে শুনিয়ে দিন।”
এরপরই তিনি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিত ভাবে ফর্ম–৭ ব্যবহার করে তৃণমূলের ভোটারদের নাম কাটার চেষ্টা করছে। অভিষেকের দাবি, “দু’দিন আগে বাঁকুড়ায় ধরা পড়েছে ১০ হাজার ফর্ম–৭। বিজেপি নেতারা তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে ইআরও অফিসে জমা দিতে গিয়েছিল, যাতে নাম বাদ যায়। গতকাল কলকাতায় আমরা সেটা রুখেছি।”
মেদিনীপুরের মাটি থেকেই বিজেপি–সিপিএম আঁতাতের অভিযোগও ফের উসকে দেন অভিষেক। তাঁর কটাক্ষ, “বোতল নতুন, মদ পুরনো। আগে ছিল সিপিএমের হার্মাদ, এখন বিজেপির জল্লাদ। জার্সি বদলেছে, চরিত্র বদলায়নি।” তিনি একের পর এক নাম করে অভিযোগ করেন—সিপিএমের প্রাক্তন নেতা ও হিংসার অভিযুক্তরাই আজ বিজেপির নেতা হয়ে উঠেছে।
বিজেপিকে আক্রমণের পাশাপাশি ঐতিহাসিক প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “এই মেদিনীপুর বিদ্যাসাগরের জন্মভূমি। আজ বিদ্যাসাগর না থাকলে মোদী–শাহ নিজের নাম লিখতে পারতেন? নেতাজি, রামমোহন না থাকলে আজকের ভারত কেমন হতো?” একই সঙ্গে তিনি তৃণমূল সরকারের সামাজিক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ‘ষড়যন্ত্র’-এর অভিযোগও তোলেন।
সভা থেকে কার্যত ভোটের অঙ্ক কষে অভিষেকের ডাক—“গত বিধানসভা নির্বাচনে ১৫টির মধ্যে ১৩টি আসন জিতিয়েছেন আপনারা। এবার লক্ষ্য ১৫–০। মেদিনীপুর থেকে সব হার্মাদকে বিদায় করতে হবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, SIR ইস্যু শুধু প্রশাসনিক নয়, সরাসরি ভোটের লড়াইয়ের অস্ত্র হয়ে উঠেছে।
সব মিলিয়ে, মেদিনীপুরের সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে অভিষেকের বার্তা একটাই—আইন মেনে চলা হবে, কিন্তু ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে রাজপথে ও বুথে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।



