লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপরই রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে প্রচারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ৪২ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। শাসক দল ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিল। এবার উত্তরবঙ্গে ভালো ফল করতে প্রচারে যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।



আরও পড়ুন: সমঝোতার পথে বাম-কং-আইএসএফ, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে জোটের সম্ভাব্য প্রার্থী নওশাদই!
১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে তৃণমূলের দুর্বল ঘাটি বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। কারণ, বাংলার এই ভাগে অধিকাংশ আসনই বিজেপির (BJP) দখলে। এরমধ্যে বালুরঘাটে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। এই কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়বেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সোমবার এখানেই সভা করবেন অভিষেক। আসন ফিরে পেতে তৃণমূলের ‘সেনাপতি’র মেগা সভাকেই হাতিয়ার করছে ঘাসফুল শিবির।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গত বিধানসভা নির্বাচনের মুখেই বিপ্লব মিত্রকে (Biplab Mitra) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে ভোটের ফল ভালো না হওয়ায় ফের তাঁকে সভাপতির দায়িত্বে ফিরিয়ে আনা হয়। বিপ্লব মিত্রের দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে। গঙ্গারামপুরের রেকর্ড সংখ্যক লোকের সমাবেশ হবে।’ এনিয়ে বিজেপির পাল্টা কটাক্ষ, কোথায় কত ভিড় হয় সেটা ছবিই বলে দেবে।


উত্তরবঙ্গে জমি পুনরুদ্ধারে সচেষ্ট তৃণমূল, বালুরঘাটে মেগা সভা অভিষেকের

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন, ২০২৪-এ সাত দফায় লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) হবে। বাংলাতেও ৭ দফায় ভোট হবে। আগামী ১৯ এপ্রিল থেকে প্রথম দফার ভোট এবং ১ জুন সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হবে। ভোট গণনা আগামী ৪ জুন।







