৮ দিনে ১৩ জেলা! ঝড়ের গতিতে প্রচারে নামছেন অভিষেক, সূচিতে ম্যারাথন জনসভা

২৪ থেকে ৩১ মার্চ টানা প্রচার, এক দিনে একাধিক জেলা ঘুরে ১৩ জেলায় জনসভা—অভিষেকের ম্যারাথন সূচিতে জোর সংগঠন চাঙ্গা করার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের কাউন্টডাউন শুরু—আর ঠিক তার এক মাস আগে ঝড়ো প্রচারে নামতে চলেছেন Abhishek Banerjee। ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা ৮ দিনের ম্যারাথন কর্মসূচিতে রাজ্যের ১৩টি জেলা চষে ফেলবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক দিনে একাধিক জেলা, একাধিক জনসভা—এমন হাই-ভোল্টেজ সূচি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই প্রচার অভিযানের সূচনা হবে ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে। পরের দিন, ২৫ মার্চ পশ্চিম মেদিনীপুরের দাসপুর (ঘাটাল)-এ প্রথম সভা, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে পরপর জনসভা। একই দিনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও কর্মিসভা করবেন তিনি।

- Advertisement -

২৬ মার্চ উত্তরবঙ্গে ঝড় তুলবেন অভিষেক। কোচবিহারের নাটাবাড়ি, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং আলিপুরদুয়ারের কালচিনিতে সভা ও রোড শো রয়েছে তাঁর সূচিতে। এর পরদিন, ২৭ মার্চ ঝাড়গ্রামের বিনপুর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব এবং দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করবেন।

২৮ মার্চ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও তপন, মালদার মানিকচক এবং মুর্শিদাবাদের সাগরদিঘিতে সভা করার পরিকল্পনা রয়েছে। ২৯ মার্চ বীরভূমের দুবরাজপুর, মুর্শিদাবাদের নওদা এবং দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে সভা করবেন তিনি।

৩০ মার্চ পুরুলিয়ার বাঘমুণ্ডিতে জনসভা এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে রিভিউ বৈঠক রয়েছে। শেষ দিন, ৩১ মার্চ আবার উত্তরবঙ্গে ফিরবেন অভিষেক—কোচবিহারের শীতলকুচি, জলপাইগুড়ির রাজগঞ্জ এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় সভা সেরে কলকাতায় ফিরবেন।

এই ঘনঘন জনসভা ও জেলা সফরের লক্ষ্য একটাই—ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করা এবং তৃণমূলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ম্যারাথন প্রচারসূচি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—ছাব্বিশের লড়াইকে অত্যন্ত গুরুত্ব দিয়েই এগোচ্ছে শাসক দল।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর