হাতে আর কয়েকমাস। এরপরই দেশজুড়ে আয়োজিত হবে হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলায় তোড়জোড় শুরু হয়েছে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নতুন বছরের শুরু থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক কর্মসূচি নিয়েছে। কয়েকদিন প্রচারের আলো থেকে নিজের সরিয়ে রাখার পর এবার ময়দানে নামছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Election Campaign)। রবিবার সংসদীয় এলাকায় সভা করবেন তিনি।



আরও পড়ুন: বাংলাদেশে শুরু নির্বাচন, ভোট দিয়ে বেরিয়েই ভারতকে নিয়ে কী বললেন হাসিনা
নতুন বছরে আজই প্রথম সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সাংসদ হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন তিনি। সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার পৈলানের সভা থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন অভিষেক। সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের আয়োজন। পৈলান যুব সংগঠনের মাঠে সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিনই সংসদীয় এলাকার বার্ধক্যভাতার চেক তুলে দেবেন ষাটোর্ধ্বদের হাতে।

তৃণমূলে (TMC) ইতিমধ্যেই নবীন-প্রবীণ দ্বন্দ্বের হাওয়া উঠেছে। সম্প্রতি এক কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে কথা বলেছিলেন। এই বিতর্কের মধ্যেই সভা অভিষেকের। আজকের সভায় নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কোনও বার্তা দেন নাকি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।


লোকসভার প্রচারে ময়দানে নামছেন অভিষেক, রবিবার মেগা সভা পৈলানে

শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনের প্রচারে নিজেকে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, দল নির্দেশ দিলে অন্য জায়গায় গিয়ে প্রচার করতে পারেন। যদিও এই বিষয়টি মেনে নিতে পারছেন না দলের অনেকেই। তাই ৭ জানুয়ারি অর্থাৎ আজকের সভার অপেক্ষা করছেন সকলে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এনিয়ে খোলসা করুন একথাই চায় দল।







