‘কান ধরে ক্ষমা চান’, বাংলাদেশি–রোহিঙ্গা তত্ত্বে বঙ্গ বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের

ভোটার তালিকা সংশোধনে ‘এক কোটির বেশি অনুপ্রবেশকারী’ দাবিকে ভুয়ো বলে কটাক্ষ তৃণমূলের। খসড়া তালিকার পর বিজেপি নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। বিজেপির ‘এক কোটির বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটার’ তত্ত্বকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, বাংলার মানুষের কাছে বিজেপি নেতাদের “কান ধরে ক্ষমা চাওয়া” উচিত।

রবীন্দ্রনাথ উদ্ধৃত করে কটাক্ষ

বক্তব্যের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে অভিষেক বলেন, মিথ্যা অপবাদ শেষ পর্যন্ত অপবাদকারীর দিকেই ফিরে আসে। তাঁর ইঙ্গিত—বাংলাকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে গোটা রাজ্যকে অপমান করা হয়েছে।

‘এক কোটির তত্ত্ব মুখ থুবড়ে পড়েছে’

অভিষেকের দাবি, ভোটার তালিকার খসড়া প্রকাশের পর বিজেপির ঘোষিত এক–দেড় কোটি নাম বাদ যাওয়ার কোনও প্রমাণ সামনে আসেনি। সীমান্তবর্তী কিছু এলাকায় নাম বাদ পড়লেও, তার নির্দিষ্ট তালিকা প্রকাশের দাবি জানান তিনি।
“খসড়া তালিকা দেখেই বোঝা যাচ্ছে, ভয় দেখানো তত্ত্ব বাস্তবে দাঁড়ায়নি,”—বলেন অভিষেক।

মৃত ভোটার প্রসঙ্গে ব্যাখ্যা

খসড়া তালিকায় প্রায় ২৪ লক্ষ মৃত ভোটারের নাম উঠে আসার প্রসঙ্গে অভিষেক বলেন,
“প্রতি বছরের সামারি রিভিশনে সাধারণত ১.৫–২ শতাংশ নাম বাদ যায়। এ বারও যা হয়েছে, তা সেই পরিসংখ্যানের মধ্যেই। হিয়ারিং হলে যেগুলি ম্যাপিং হয়নি, সেগুলি ফের যুক্ত হবে।”

বিজেপির আগের দাবি

প্রসঙ্গত, SIR শুরুর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ভোটার তালিকা থেকে এক কোটি নাম বাদ যেতে পারে—মূলত বাংলাদেশি ও রোহিঙ্গাদের। কিন্তু খসড়া তালিকায় সেই সংখ্যার প্রতিফলন না মেলায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

শুভেন্দুর পাল্টা বক্তব্য

এই নিয়ে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন,
“১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে সব পরিষ্কার হয়ে যাবে। এখন তাড়াহুড়োর কিছু নেই। এটা খসড়া তালিকা—এখনও অনেক কাজ বাকি।”

সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে অনুপ্রবেশ বনাম ভুয়ো প্রচার—এই দ্বন্দ্বই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রে। চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর