নজরবন্দি ব্যুরো: নবজোয়ার কর্মসূচি শেষ করে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে প্রচার করছেন তিনি। আড়াই কিলোমিটার পথসভা হয়। এরপর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেইসঙ্গেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।
আরও পড়ুন: শনিতে উত্তরবঙ্গ সফর, আজ প্রচারে কোথায় Abhishek Banerjee?


কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে। উন্নয়নমূলক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে। জিএসটি পাওনার টাকা বন্ধ করে রেখেছে। যারা বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে সেই দলকে একটা ভোটও নয়। তাঁদের ভোটের মাধ্যমে জবাব দিয়ে প্রমাণ করতে হবে যে বাংলা কারও কাছে মাথা নত করবে না। আমরা মাথা নত করলে ঈশ্বরের কাছে করব, গুরুজনদের কাছে করব কিন্তু বহিরাগতদের কাছে মাথা নত করব না।”

বিজেপির ‘আচ্ছে দিন’ স্লোগানকে নিশানায় এনে অভিষেক বলেন, “বিজেপির আচ্ছে দিনের নমুনা কী? ৫০ টাকার পেট্রল আজ ১০০ টাকা, ১৫ টাকার কেরোসিন ১২০ টাকা, সর্ষের তেল ৭৫ টাকা লিটার থেকে ২০১৫ টাকা লিটার, ৪০০ টাকার রান্নার গ্যাস আজ ১২০০ টাকা। আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করেছে, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার নামে ১০০০ টাকা নিয়ে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে, আরেকদিকে মোদী নিচ্ছে।”



অভিষেক আরও বলেন, “আমরা কথা দিয়ে কথা রাখার দল। আগামী দিনে বৃহত্তর লড়াই দিল্লির বুকে সংঘটিত করতে চাই। বাংলার মানুষ বিজেপিকে উৎখাত করেছিল বলে তৃণমূলের সঙ্গে লড়াই করতে না পেরে বাংলার মানুষের থেকে বদলা নিচ্ছে।” তিনি দাবি করেন, “আমি এক কথার ছেলে, যা বলি তাই করি। আমি দিল্লির কাছে কোনওদিন বশ্যতা শিকার করব না। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ায় একমাসের মধ্যে দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন করব।”
‘একদিকে দিদি দিচ্ছে, অন্যদিকে মোদী নিচ্ছে’ কেন্দ্রকে বেলাগাম আক্রমণ অভিষেকের








