আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পরও দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। চোটের কারণে একটি বদল নিশ্চিত, আরেকটি বদল হতে পারে গৌতম গম্ভীর (Gautam Gambhir)-এর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে সঞ্জু স্যামসনের বদলে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হতে পারে বলেই জোর জল্পনা তৈরি হয়েছে।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে কার্যত একতরফা ভাবে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। তবুও টিম ম্যানেজমেন্টের নজর শুধু বর্তমান সিরিজে নয়, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অলিম্পিক্সের প্রস্তুতিতেও। সেই কারণেই দ্বিতীয় ম্যাচে তরুণ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় শিবির।
ভারতের ওপেনিংয়ে এখন তিনটি বিকল্প রয়েছে—অভিষেক শর্মা (Abhishek Sharma), সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অভিষেকের জায়গা কার্যত নিশ্চিত। প্রশ্ন শুধু তাঁর সঙ্গী কে হবেন।
প্রথম ম্যাচে সঞ্জুকে ওপেনিংয়ে নামানো হয়েছিল। তবে তিনি মাত্র ১০ রান করে আউট হন। সেই পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিবর্তে ভারতের মাটিতে প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী।
বৈভবকে নিয়ে ভারতীয় দলের পরিকল্পনা নতুন নয়। আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গে থাকলেও অভিষেক হয়নি তাঁর। পরে ইংল্যান্ড সিরিজে সুযোগ পেয়ে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে খেলেন তিনি। এরপর জিম্বাবোয়ে সিরিজে সঞ্জু না থাকায় তিনটি ম্যাচেই সুযোগ পান বৈভব এবং সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন।
এই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে আবার আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। সূত্রের খবর, গৌতম গম্ভীর ভবিষ্যতের ওপেনিং কম্বিনেশন হিসেবে অভিষেক ও বৈভব জুটিকেই দীর্ঘমেয়াদে গড়ে তুলতে আগ্রহী।
দ্বিতীয় বড় পরিবর্তন অবশ্য বাধ্য হয়েই করতে হচ্ছে ভারতকে। চোট কাটিয়ে ফিরেই আবার সমস্যায় পড়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট নেওয়ার পরও নতুন চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।
বরুণের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে রবি বিশ্নোইয়ের (Ravi Bishnoi) খেলা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ফলে স্পিন বিভাগে একমাত্র এই পরিবর্তনই বাধ্যতামূলক।
যদি সঞ্জু স্যামসন বাইরে থাকেন, তবে উইকেটকিপারের দায়িত্ব সামলাতে পারেন ঈশান কিশন (Ishan Kishan)। মিডল অর্ডারে শ্রেয়স আয়ার (Shreyas Iyer), তিলক বর্মা, শিবম দুবে এবং নীতীশ কুমার রেড্ডিকে নিয়েই নামার সম্ভাবনা বেশি।
পেস বিভাগেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং অর্শদীপ সিংহকে নিয়েই ভারতের আক্রমণ গড়ে উঠতে পারে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই শুধু সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ঝলকও দেখা যেতে পারে। বিশেষ করে বৈভব সূর্যবংশী সুযোগ পেলে সেটিই হবে ম্যাচের অন্যতম বড় আকর্ষণ।
ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশন (উইকেটকিপার), শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, রবি বিশ্নোই, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ।



