নজরবন্দি ব্যুরোঃ বিপ্লবের রাজ্যে ‘নজরবন্দি’ আইপ্যাক, গত রবিবার থেকে আগরতলার একটি হোটেলে একপ্রকার আটক করে রাখা হয়েছে প্রশান্ত কিশোরের আইপ্যাকের ২৩ জন সদস্যকে। এখনো পর্যন্ত আটকের কোন কারণ জানায়নি ত্রিপুরার পুলিশ।
আরও পড়ুনঃ প্রসার ভারতী থেকে সংসদ কক্ষ, রাজ্যসভার প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা জহরের


দুদিন পেরিয়ে যাওয়ার পরেই ভোট কুশলী প্রশান্ত কিশোরের হয়ে গতকালই মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। কালই জানানো হয়েছিল ত্রিপুরায় আটকে থাকা ২৩ জনের জন্য আজই সে রাজ্যে পাড়ি দেবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আজ সকালে রওনাও দিয়েছেন তাঁরা। তবে এখানেই থামছে না ঘাসফুল শিবির। সূত্রের খবর বিপ্লবের রাজ্যে ‘নজরবন্দি’ আইপ্যাক সদস্যদের জন্য আগামীকালই দিল্লি থেকে ত্রিপুরায় পাড়ি দিচ্ছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২১ এর নির্বাচনের আগে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক কাজ করেছিল বাংলায় তৃণমূল কংগ্রেসের হয়ে। রাজ্য জয়ের পর এবার মমতা সরকারের লক্ষ্য দেশ জয়, আর সেই লক্ষ্যের প্রথম টার্গেট ত্রিপুরা। ত্রিপুরার নেতারা একাধিক বার এসেছেন বাংলায়, ঠিক হয়েছে বাংলা থেকে ২৩ এর ভোটের জন্য কারা কারা যাবেন প্রচারে।
বিপ্লবের রাজ্যে ‘নজরবন্দি’ পিকের আইপ্যাক, আসরে নামছেন অভিষেক।

সুত্রের খবর ত্রিপুরার তৃণমূল কংগ্রেস চাইছে আগামী বিধানসভা ভোটে রাজ্যের সব আসনেই প্রার্থী দেবে দল। সেই মতো পরিস্থিতি খতিয়ে দেখতে সমীক্ষার কাজে সেখানে গিয়েছিলেন আইপ্যাকের ২৩ জন সদস্য। গত এক সপ্তাহ ধরে ত্রিপুরার একাধিক স্থানে সমীক্ষা করেন তাঁরা। ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস লাল সিং-এর অভিযোগ, রবিবার রাতে রুটিন তল্লাশির নামে আইপ্যাকের সদস্যদের প্রথমে একদফা হেনস্থা করে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ।



এর পর সোমবার সকালেও তাঁরা হোটেল থেকে বেরনোর সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তার পর থেকেই আজ বুধবার পর্যন্ত বিপ্লবের রাজ্যে ‘নজরবন্দি’ আইপ্যাক এর ২৩ জন। প্রতিবাদে সে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভও দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দিল্লি থেকে ঘটনার প্রতিবাদ করেছেন মমতা-অভিষেক। সূত্রের খবর সব ঠিক থাকলে আগামীকাল সোজা ত্রিপুরায় পাড়ি দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।







