নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ভুয়ো আইএএস অফিসার, পুলিশকর্মী, বিচারকের পর এবার মিলল ভুয়ো পিয়ন। এবার এই ঘটনার নজির মিলল উত্তর দিনাজপুরের দেবীনগরে। অভিযোগ উঠেছে, কর্মী অভাবে পোষ্ট অফিস ধুঁকছে। ভুয়ো পিয়ন দিয়ে কাজ চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ ‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ
স্থানীয়দের অভিযোগ, রাজ্য সরকারের পাঠানো ডিজিটাল রেশন কার্ড বাড়ি বাড়ি পৌঁছনোর বদলে সাব-পোষ্ট অফিসেই পড়ে থাকছে। ফলে বিপদে পড়ছে সাধারন মানুষ। খাদ্য সামগ্রী সংগ্রহ করা থেকে বঞ্চিত হচ্ছে তাঁরা।
ডিজিটাল রেশন কার্ডের পাহাড়, রাজ্যে মিলল ভুয়ো পিয়ন।
গ্রাহকদের অভিযোগ, ঐ সাব-পোষ্ট অফিসে পিয়নরা কেউই অফিসে যান না। ঐ পদে কয়েকজন বহিরাগত লোককে বসানো হয়েছে। তাঁরা গ্রাহকদের ফোন করে বাধ্য করে পোষ্ট অফিস গিয়ে কাগজ সংগ্রহ করার জন্য। পাশাপাশি,অফিসে ডিজিটাল রেশন কার্ডের পাহাড় হয়েছে। তা নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই তাঁদের।

কিছু গ্রাহক এই ডিজিটাল রেশন কার্ড হাতে না পেয়ে ফুড সাপ্লাই অফিসে যোগাযোগ করেন। সেখানেই তাঁরা জানতে পারেন, কারও কারও নামের পাশে মৃত বলা হয়েছে। আর এর মূলে রয়েছে পোস্ট অফিসই বলে দাবি তাঁদের। অভিযোগ, কর্তৃপক্ষ রেশন কার্ড বাড়িতে না পৌঁছে দিয়ে মৃত বলে চালিয়ে দেয়।
ভুয়ো কর্মীর একজন জানান, যখন অফিসে কোন পোষ্টম্যান আসেন না তখন তাঁরা কাজ করে। কিন্তু তাঁদের নিয়োগ কিভাবে হল তা তিনি জানাতে অস্বীকার করেন। অন্যদিকে পোস্ট অফিসের পোস্টমাস্টার জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এভাবেই অনেক পোস্ট অফিসেই কাজ করানো হচ্ছে। তবে সরকারি পোস্টে পিওনেরা না আসাতেই এমন হচ্ছে বলে যুক্তি দেন তিনি।



