‘এটা আর শুধু একটি পরীক্ষা নয়’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এবার NEET বিতর্কে মুখ খুললেন জিৎ

NEET প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা দিলেন টলিউড অভিনেতা জিৎ। স্বচ্ছ পরীক্ষাব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানালেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে NEET প্রশ্নফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে যখন আন্দোলন তীব্র হচ্ছে, তখন একে একে মুখ খুলছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এটা এখন আর শুধু একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের আশা, স্বপ্ন ও বিশ্বাসের বিষয়।”

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে জিৎ শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিকে সমর্থন জানান। তাঁর বক্তব্য, দেশের প্রতিটি যোগ্য পরীক্ষার্থীর অধিকার রয়েছে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষাব্যবস্থা পাওয়ার। সেই আস্থা নষ্ট হলে শুধু একটি পরীক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের উপরও তার প্রভাব পড়ে।

অভিনেতা আরও লেখেন, NEET-সংক্রান্ত অনিয়মে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। তাঁর মতে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা কঠিন হবে।

তবে শুধুমাত্র শাস্তির দাবিতেই থেমে থাকেননি জিৎ। আন্দোলনের উদ্দেশ্য নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। অভিনেতার কথায়, শিক্ষার্থীরা উত্তর, ন্যায়বিচার এবং তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন পাওয়ার যোগ্য। একই সঙ্গে তিনি আবেদন করেন, এই আন্দোলন যেন কোনও রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার না হয়ে ওঠে এবং মূল লক্ষ্য—শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা—অক্ষুণ্ণ থাকে।

উল্লেখ্য, NEET প্রশ্নফাঁস ইস্যুতে এর আগে বলিউড ও টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীও প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হল জিতের নাম। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

অন্যদিকে, পেশাগত ক্ষেত্রেও ব্যস্ত রয়েছেন জিৎ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। প্রথমে অন্য তারিখে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে মুক্তির দিন পরিবর্তন করা হয়। একই সময়ে অভিনেতা দেব (Dev) তাঁর আগামী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র মুক্তির তারিখও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘এটা আর শুধু একটি পরীক্ষা নয়', পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এবার NEET বিতর্কে মুখ খুললেন জিৎ
‘এটা আর শুধু একটি পরীক্ষা নয়’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে এবার NEET বিতর্কে মুখ খুললেন জিৎ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন