টি২০ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় ক্রিকেট। সেই আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আবারও আলোচনায় ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। বিশ্বকাপ ট্রফি হাতে চায়ের কাপে চুমুক দেওয়ার একটি মজার ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই পোস্ট ঘিরেই ফের আলোচনায় উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে ঘিরে পুরনো বিতর্ক।
ভারতের বিশ্বজয়ের পর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, ট্রফি হাতে আরাম করে বসে চায়ের কাপ নিয়ে চুমুক দিচ্ছেন বরুণ। ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশের মতে, এই ছবির মাধ্যমে পরোক্ষভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে খোঁচা দিয়েছেন ভারতীয় স্পিনার।
এর পেছনে রয়েছে পুরনো একটি ঘটনা। ২০২৫ সালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল বলে বিতর্ক তৈরি হয়। সেই সময় ট্রফি হাতে ছবি না পাওয়ার আক্ষেপে বরুণ একটি মজার পোস্ট করেছিলেন।
সেই পোস্টে দেখা গিয়েছিল, বিছানায় শুয়ে আছেন তিনি আর পাশে ট্রফির বদলে রাখা রয়েছে একটি চায়ের কাপ। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ট্রফি নিয়ে ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি—তাই আপাতত চায়ের কাপ দিয়েই কাজ চালাতে হচ্ছে।
এবার বিশ্বকাপ জয়ের পর আবারও ‘চায়ের কাপ’কে কেন্দ্র করেই ছবি পোস্ট করেছেন বরুণ। ফলে নেটমাধ্যমে শুরু হয়েছে নানা মজার মন্তব্য। কেউ লিখেছেন, “এশিয়া কাপের ট্রফি এখন কোথায়? নকভি কোথায় রেখেছেন?” আবার কেউ মন্তব্য করেছেন, “ট্রফিচোর নকভিকে এটাই সেরা জবাব।”
তবে বিশ্বকাপের মঞ্চে বরুণের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশ্বের অন্যতম সেরা টি২০ বোলার হিসেবে পরিচিত হলেও এবারের টুর্নামেন্টে খুব ধারাবাহিক ছিলেন না তিনি। যদিও যশপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে ১৪ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে ছিলেন।
তবে খরুচে বোলিংয়ের কারণে সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। গোটা টুর্নামেন্টে ৩১ ওভারে ২৮৭ রান দিয়েছেন বরুণ। সেমিফাইনালে ৪ ওভারে ৬৪ রান দেওয়ার পর ফাইনালেও ৩ ওভারে ৩৯ রান দেন, যদিও একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
আইপিএল সামনে রেখে তাঁর ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও সমর্থকদের আশা, দ্রুতই নিজের ছন্দে ফিরবেন ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তী।



