ভারতের আকাশে আসছে আরও S-400, মোদী-পুতিন বৈঠকের পরেই বড় সিদ্ধান্ত

মোদী-পুতিন বৈঠকের পরই রাশিয়ার কাছ থেকে আরও দুটি S-400 ইউনিট পাচ্ছে ভারত, শক্তিশালী হবে আকাশসুরক্ষা ব্যবস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সাল থেকেই ভারতের হাতে আসতে চলেছে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ সূত্র জানিয়েছে, আগামী বছরেই একটি নতুন ইউনিট ভারতে পৌঁছবে। ২০২৭ সালের মধ্যে আসবে আরও একটি ইউনিট। উল্লেখ্য, ২০১৮ সালে নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে মোট পাঁচটি S-400 ইউনিট সরবরাহের চুক্তি হয়েছিল। ইতিমধ্যেই তিনটি ইউনিট ভারতীয় সেনার হাতে এসেছে। এখন বাকি দু’টির সরবরাহ দ্রুততর হল মোদী-পুতিন বৈঠকের পর।

চিনের তিয়ানজিনে এসসিও সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকের পরই নতুন করে গতি পেল এই চুক্তি। প্রতিরক্ষা মহলের মতে, ভারতের জন্য এটি নিঃসন্দেহে বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য।

S-400 ব্যবস্থার কার্যকারিতা ভারত ইতিমধ্যেই প্রমাণ করেছে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান ১৫টি শহরে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায়। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র গুলি ভারতের আকাশে প্রবেশের আগেই S-400 ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। ফলে সাধারণ মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

এছাড়াও ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে ইতিমধ্যেই S-400 ট্রায়াম্ফের প্রযুক্তি হস্তান্তর ও নির্মাণ প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 Triumphtor-M নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের চুক্তি শুধু ভারতীয় সেনাকে আধুনিক প্রযুক্তির সুবিধা দিচ্ছে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্ককেও দৃঢ় করছে।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, ভারত নিজস্ব আকাশসুরক্ষা ব্যবস্থা তৈরি করবে। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিশন সুদর্শন চক্র’। আগামী দশ বছরের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। যদিও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি, প্রতিরক্ষা বিশ্লেষকদের অনুমান, এটি ইজরায়েলের ‘Iron Dome’-এর মতো কাজ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, S-400-এর নতুন ইউনিট যুক্ত হলে ‘মিশন সুদর্শন চক্র’ আরও শক্তিশালী হয়ে উঠবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও গত বছর রাশিয়া সফরের সময় S-400 সরবরাহ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেছিলেন। সেই প্রক্রিয়াই এখন গতি পেয়েছে।

ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার পথে এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তের উত্তেজনার প্রেক্ষাপটে S-400-এর নতুন ইউনিট ভারতীয় সেনার জন্য এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন