নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এরপরই ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন কমিশনার রাজীব সিনহা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে আপাতত ৩১৫ বাহিনী কোম্পানি পাঠানো হচ্ছে। এরপরই ফের ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে চিঠি দিল নির্বাচন কমিশন। এর ফলে কি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার পালটা চাপে কেন্দ্র?
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর ফোন নম্বর প্রকাশ, ভোটে বাধা পেলে সরাসরি করা যাবে অভিযোগ!
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসে। তার প্রেক্ষিতেই গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কমিশন। সেখানেও ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় শীর্ষ আদালতও।

নির্দেশ মতই প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনিয়ে বিরোধীরা দাবি তোলে, ২২ জেলায় মাত্র ২২ কোম্পানি দিয়ে ভোট কীভাবে সম্ভব? প্রতি জেলায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার সমান! আদালতের তোপের মুখে পড়তে হয় কমিশনকে। প্রধান বিচারপতি কমিশনারকে বলেন, “চাপ নিতে না পারলে ছেড়ে দিন। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।” এরপরই গতকাল (২২ জুন) ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেয় নির্বাচন কমিশনার।

জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের চিঠির পর কেন্দ্রের তরফে ৩১৫ কোম্পানি পাঠানো হচ্ছে বলে জানানো হয়। এর মধ্যেই নির্বাচন কমিশন ফের স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানায়। সূত্রে খবর, কেন্দ্র জানিয়েছে যে ৩১৫ কোম্পানি বাহিনীর মধ্যে ২০০ কোম্পানি সশস্ত্র বাহিনী। এর মধ্যে রয়েছে ৫০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৫ কোম্পানি সিআইসিএফ, ৬০ কোম্পানি বিএসএফ, ২৫ কোম্পানি এসএসবি এবং ২০ কোম্পানি আরপিএফ। ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড ফোর্স আসছে আরও ১১৫ কোম্পানি। এছাড়া ২২ কোম্পানি আগেই পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার পালটা চাপে কেন্দ্র! ফের স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি কমিশনের




