নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার ফেলে দিয়ে ত্রিপুরায় ফের মানিক সরকারের সরকার ফেরাতে এবার স্ট্র্যাটেজি বদল আনল সিপি(আই)এম। কংগ্রেসের এবং প্রদ্যুত মানিক্য দেববর্মার সঙ্গে সরাসরি জোটের বার্তা দিলেও আসন সমঝোতার জন্য দরজা খুলে দিল বামেরা। বুধবার সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা জানালেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
২০১৮ সালে ক্ষমতার বদল হয়েছিল ত্রিপুরায়। মানিক জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। দীর্ঘ ৫ বছরে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জায়গা ফেরত পাওয়ার মরিয়া চেষ্টা করেছে বামেরা। এখন বাংলার মতোই কংগ্রেসের সঙ্গে সমঝোতায় হাঁটতে চায় সিপি(আই)এম।

কারণ, বিজেপি থেকে সুদীপ রায় বর্মন কংগ্রেসে যোগদান করেছেন। তাতে অনেকটাই কংগ্রেসে সংগঠন মজবুত হয়েছে। এমনকি উপনির্বাচনে তাঁদের ফলাফল নজর কেড়েছে শীর্ষ নেতৃত্বের। তাই বাংলার মতোই ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোটের হাত বাড়ালেন জিতেন্দ্র চৌধুরীরা। একইসঙ্গে ত্রিপুরায় ক্ষমতাসীন আইপিএফটি অনেকটাই দুর্বল হয়েছে। জনজাতির নজর কেড়ে এখন ভোটের ময়দানে চমক আনতে চাইছেন প্রদ্যুত মানিক দেববর্মা।
আসন সমঝোতায় কংগ্রেস ও তিপ্রা মোথার জন্য দরজা খুলে দিল সিপিএম, বাংলার মতো একই স্ট্র্যাটেজি ত্রিপুরাতেও

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী নির্বাচনে বিরাট ফ্যাক্টর হতে পারে তিপ্রা মোথা। যদিও তাঁর সঙ্গে জোটের জন্য প্রস্তাব দিয়ে রেখেছে তৃণমূলও। প্রশ্ন হল, প্রাক্তন দল কংগ্রেসের সঙ্গে সমঝোতার জন্য রাজি হবেন ত্রিপুরার রাজ পরিবারের সদস্য? প্রশ্ন উঠতে শুরু করেছে। নাকি কলকাতা থেকে প্রদ্যুত মানিক্য বড় চমক দেবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।



