নজরবন্দি ব্যুরোঃ চার দিনে মৃত্যু ৭৫ জন করোনা রোগীর, গোয়ায় অক্সিজেনের হাহাকার। জানা গিয়েছে, চলতি সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন ৭৫ জন রোগী। সূত্রের খবর, এর মধ্যে অধিকাংশ মৃত্যুর সময় রাত ২টো থেকে ভোর ৬টার মধ্যে। গত চার দিন ধরে একই ঘটনা ঘটে চলছে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৬ জন রোগীর। বুধবার ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন ১৫ জন। এদিন শুক্রবার মৃত্যু হয়েছে ১৩ জনের।


বম্বে হাইকোর্টর গোয়া বেঞ্চের সামনে গোয়া সরকার এই মৃত্যুর দায় স্বীকার করেছে। সরকারের তরফ আদালতে জানানো হয়েছে, অক্সিজেনের অভাবই মৃত্যুর ঘটনা ঘটেছে। এর পরই গোয়ায় দ্রুত অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
শুনানিতে হাইকোর্ট জানিয়েছে, রাত ২টো থেকে ভোর ৬টার মধ্যে অধিকাংশ মৃত্যু হয়েছে যা সবচেয়ে দুঃখের বিষয়। এই ঘটনার জন্য গোয়া প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার জেরে গোয়া প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘এ তো প্রকাশ্য দিবালোকে খুন! ১১ মে-তে গোয়া মেডিক্যালে অক্সিজেনের অভাবে ২৬ জনের মৃত্যু। ১৩ মে-তে অক্সিজেনের অভাবে আরও ১৫ জনের মৃত্যু। এই সরকারের হাতে তার নাগরিকদের রক্ত।’ অন্যদিকে, এই ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে গোয়া ফরওয়ার্ড পার্টি। এমন পরিস্থিতিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গড়েছে গোয়া প্রশাসন।









