নজরবন্দি ব্যুরোঃ কর্মসংস্থানের খরা কাটতে চলল এবার। আগামী দু’বছরের মধ্যে হাওড়া জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ হবে বিপুল টাকা। কর্মসংস্থান হবে প্রায় ১ লক্ষ ৫২ হাজার মানুষের। আজ হাওড়ায় ছোট উদ্যোগপতিদের শিল্প সম্মেলন বা সিনার্জিতে একথা জানিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জানা গিয়েছে মোট ১২ হাজার ২৬০ কোটি টাকা বিনিয়োগ করা হবে হাওড়া জেলা জুড়ে।


মঙ্গলবার সিনার্জিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “গত দেড় বছরে হাওড়া জেলায় ছোট ও মাঝারি শিল্পে প্রায় ৫ হাজার ৬১৩ কোটি টাকার বিনিয়োগ এসেছে। কয়েক লক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানও হয়েছে। ১০০ কোটি লগ্নি ও ১৫ হাজার কর্মসংস্থানের প্রস্তাবও রয়েছে।” এদিন চন্দ্রনাথ বাবু সম্মেলন থেকে হাওড়া ছোট ও মাঝারি উদ্যোগপতিদের হাওড়া জেলায় আরও বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কাজে লাগানোর জন্যে উদ্যোগপতিদের অনুরোধ করেন। পাশাপাশি বলেন, যাঁরা বিনিয়োগ করবেন, তাঁদের যাতে কোনওরকম হয়রানির মুখে না পড়তে হয় তা লক্ষ্য রাখছে রাজ্য সরকার। সেজন্য অনলাইনে ট্রেড লাইসেন্স চালু হয়েছে।
উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের তরফে জানানো হয়, ইতিমধ্যেই শাটল ককের ব্যবসার পুনরুজ্জীবন শুরু হয়েছে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়াও, শ্যামপুরে সিদ্ধেশ্বরী কটন মিলকে পাঁচ একর জমি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পরামর্শ মত। সিদ্ধেশ্বরী কটন মিলের কর্ণধার নম্বি দুজারি জানিয়েছেন, কারখানাটি চালু হলে প্রাথমিকভাবে ৫০০ যুবকের কর্মসংস্থান হবে।


হাওড়ায় ১২ হাজার কোটির বিনিয়োগ, দেড় লক্ষ কর্মসংস্থানের সুখবর দিল রাজ্য সরকার।

আজকের ছোট উদ্যোগপতিদের শিল্প সম্মেলন বা সিনার্জিতে যোগ দিয়েছিলেন ৪৫০ জন উদ্যোগপতি। অনুষ্ঠানের পরিচালনা করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, পুলক রায়, চন্দ্রনাথ সিনহা-সহ জেলার অন্যান্য বিধায়ক ও জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। এদিনের সিনার্জিতে হেল্প ডেস্কের ব্যাবস্থা করা হয়েছিল। সেখানে এনওসি, লাইসেন্স মিলিয়ে জমাপড়া ১১৫টি বিষয়ের মধ্যে বৈঠক চলাকালীনই ৩৮ টি বিষয়কে নিস্পত্তি করা হয়।







