ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ খোদাবক্সের ইস্তফা, ইনকিলাব মঞ্চের চাপেই পদত্যাগ?

ইনকিলাব মঞ্চের আন্দোলনের চাপ, আইনশৃঙ্খলার উত্তেজনার মধ্যেই ইউনূসের ঘনিষ্ঠ খোদাবক্স চৌধুরীর ইস্তফা। তারেক রহমানের সফরের আগে অশান্ত বাংলাদেশ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার, ২৪ ডিসেম্বর তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত খোদাবক্স গত বছরের ১১ নভেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র চাপ এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তাঁর এই পদত্যাগ। বিশেষ করে ইনকিলাব মঞ্চের তরফে ক্রমাগত আন্দোলন ও দাবির প্রেক্ষিতে খোদাবক্সের ইস্তফাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কে এই খোদাবক্স চৌধুরী?

খোদাবক্স চৌধুরী বাংলাদেশ পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি মিশনে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
১৯৯৬ সালের মে মাসে তিনি পূর্ব স্লাভোনিয়ায় রাষ্ট্রসংঘের ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে (UNTAES) যোগ দেন। সেখানে প্রথমে ডেপুটি সেক্টর প্রধান এবং পরে মিশনের দুই সেক্টরের একটির সেক্টর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নিরাপত্তা ও প্রশাসনিক স্তরে তাঁর এই অভিজ্ঞতাই তাঁকে ইউনূসের ঘনিষ্ঠ মহলে জায়গা করে দিয়েছিল।

ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ খোদাবক্সের ইস্তফা, ইনকিলাব মঞ্চের চাপেই পদত্যাগ?
ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ খোদাবক্সের ইস্তফা, ইনকিলাব মঞ্চের চাপেই পদত্যাগ?

ইনকিলাব মঞ্চের আন্দোলন ও পদত্যাগের দাবি

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার পর ইনকিলাব মঞ্চের তরফে সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবি তোলা হয়।

এই দাবির প্রেক্ষিতেই খোদাবক্সের ইস্তফাকে আন্দোলনের চাপের ফল বলেই ব্যাখ্যা করছে বিরোধী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

তারেক রহমানের সফরের আগে উত্তপ্ত বাংলাদেশ

ছাত্রনেতা হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশ এখনও অশান্ত। এর মধ্যেই আজই বাংলাদেশে ফেরার কথা খালেদা জিয়ার পুত্র ও নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানের। তাঁর সফরের আগেই রাজধানী ঢাকা-সহ একাধিক জায়গায় নতুন করে হিংসা ছড়িয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজার মোড়ে বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ডের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে একজনের মৃত্যু হয়।
এ দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাজী নজরুল ইসলামের প্রশংসায় স্লোগান দিতে দিতে এক ব্যক্তি ক্যান্টিনে ভাঙচুর শুরু করেন।

বড়দিনের আগের দিন ফের হিংসার আগুন

বড়দিনের ঠিক আগের দিন ঢাকায় একের পর এক হিংসাত্মক ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে। পেট্রল বোমা বিস্ফোরণ, ককটেল ছোড়া ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর—সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে ইউনূসের ঘনিষ্ঠ খোদাবক্স চৌধুরীর পদত্যাগ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনেরই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর