রাজ্যে ফের অ্যাসিড হামলা! গুরুতর জখম তরুণী ও তার মা

রাজ্যে ফের অ্যাসিড হামলা! গুরুতর জখম তরুণী ও তার মা। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য থেকে দেশ। এবার এই পরিস্থিরতির মাঝেই ঘটে গেল আরও একটি নৃশংস ঘটনা। এবার এক তরুণী ও তাঁর মাকে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। গুরুতর জখম অবস্থায় ওই তরুণীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত। ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তাঁর মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হয়েছে।ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারন সম্পর্কে কিছু জানাতে পারেননি।

তবে ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকার মানুষজন। হাওড়া সিটি পুলিশের ডি সি পি (নর্থ) বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে  দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন তারা। তবে যে বা যারা এই ঘটনায় জড়িত তাঁদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত