নজরবন্দি ব্যুরো: ভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক (Union Sports Ministry)। মাত্র তিন দিন আগে বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছিল নতুন বোর্ড। যার দায়িত্বে এসেছিলেন বিদায়ী সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহের (Brij Bhushan Sharan Singh) ঘনিষ্ঠ সঞ্জয় সিংহ। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক (Sakshi Malik), পদ্মশ্রী পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেন বজরং পুনিয়া (Bajrang Punia)। আর এবার সেই কমিটিকে সাসপেন্ড করে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।
আরও পড়ুন: চব্বিশের লোকসভায় ১০০ সাংসদকে বাদ দিতে চলেছে BJP, কেন?
এই নতুন কমিটিকে সাসপেন্ডের কারণ হিসাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার কুস্তি সংস্থার সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেই উত্তরপ্রদেশের গোন্ডাতে জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয় সিংহ। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের (Union Sports Ministry) তরফে বলা হয়েছে, তাঁদের সঙ্গে কোনও পরিকল্পনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয়। এত দ্রুত এই প্রতিযোগিতা শুরু হলে কুস্তিগিররা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন না বলে মনে করছে ক্রীড়া মন্ত্রক।

মন্ত্রক (Union Sports Ministry) আরও জানিয়েছে, এই ধরনের যুব বা সিনিয়র প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে একটি বৈঠকের প্রয়োজন হয়। সেই বৈঠক তো হয়নি। পাশাপাশি, প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কমপক্ষে ১৫ দিন সময় দিতে হয় কুস্তিগিরদের। এই সমস্ত নিয়মের কোনওটাই মানেননি সঞ্জয়। তাই এই নব্যনির্বাচিত কমিটিকে বাতিলের সিদ্ধান্ত নিল মন্ত্রক।

ভারতীয় কুস্তিতে চূড়ান্ত ডামাডোল, নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক
নতুন কমিটির সভাপতি হিসাবে সঞ্জয় সিংহকে বেছে নেওয়ার পরেই অসন্তোষ প্রকাশ করেন দেশের নামী কুস্তিগিররা। কারণ, যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ সঞ্জয়কে মেনে নিতে পারছেন না তাঁরা। প্রথমেই কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক, পদ্মশ্রী পুরস্কার ফেরানোর কথা ঘোষণা করেন বজরং পুনিয়া। আর এবার সেই কমিটিকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।




