বাংলা জুড়ে চলছে কনকনে শীতের দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই ১৪ ডিগ্রিতে নেমে এসেছে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রির নিচে নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার শীতের পরিস্থিতি
কলকাতায় আপাতত তিন দিন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।


উত্তরবঙ্গে হাড়কাঁপানো ঠান্ডা
উত্তরবঙ্গেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি জাঁকিয়ে বসেছে। দার্জিলিং-এ তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রি সেলসিয়াসে এবং কালিম্পং-এ ৫ ডিগ্রিতে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরসহ উত্তরবঙ্গের চার জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচ জেলায় ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পারদ ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
বড়দিনের আবহাওয়া পূর্বাভাস
শীতের আমেজ বজায় থাকবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বড়দিনে কলকাতা ও তার আশপাশের এলাকায় আবহাওয়া তুলনামূলক উষ্ণ হতে পারে।


দেশের অন্যান্য রাজ্যে আবহাওয়া
কেরল, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। আসাম, মেঘালয়, মনিপুর এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



