পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ এখন সময়ের অপেক্ষা। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই রাজ্যের কিছু অংশে ঢুকে পড়তে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ইতিমধ্যেই ঝড়বৃষ্টির দাপটে গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষা প্রবেশের পর সেই স্বস্তি আরও বাড়তে পারে রাজ্যজুড়ে।
গত ৪ জুন কেরলে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন ঘটেছিল। এরপর ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হয়ে সোমবারের মধ্যে মহারাষ্ট্রের সোলাপুর, কর্নাটকের কালবুর্গি এবং তামিলনাড়ুর চেন্নাই পর্যন্ত পৌঁছে গিয়েছে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও বিস্তীর্ণ এলাকায় বর্ষা অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই পশ্চিমবঙ্গের কিছু অংশে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা জোরালো হয়েছে। পাশাপাশি সিকিম, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও মৌসুমি বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে।
যদিও রাজ্যের কোন কোন জেলা প্রথমে বর্ষার আওতায় আসবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে আবহাওয়ার দীর্ঘদিনের প্রবণতা অনুযায়ী, উত্তরবঙ্গেই সাধারণত প্রথম বর্ষার আগমন ঘটে। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি বায়ু বিস্তার লাভ করে।
এদিকে গত কয়েক দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


মঙ্গলবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে অস্থির। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে সপ্তাহজুড়েই ভারী বৃষ্টির সতর্কতা বহাল রয়েছে। সব মিলিয়ে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের আগে থেকেই রাজ্যের অধিকাংশ জেলায় ভিজে আবহাওয়ার দাপট অব্যাহত থাকবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



