বাড়ি থেকেই পরীক্ষা হবে, এবার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাড়ি বসে বই দেখেই পরীক্ষা দেবে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা, সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মত একই পথে হাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবছর করোনা আবহের কারণে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বছরের মতো এই বছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে বসে খাতা কলমে পরীক্ষা নয়, ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসেই তাদের পরীক্ষা দিতে পারবেন।

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। উত্তরপত্র লিখে তা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠাতে হবে। কোন পরীক্ষার্থীর কাছে স্মার্টফোন বা ল্যাপটপ না থাকলে তার বাড়িতে প্রশ্নপত্র পাঠানো এবং উত্তরপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয়। রাজ্যের ঘোষণা অনুযায়ী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা প্রক্রিয়া শেষ করা হবে। এবং ৩১ অক্টোবরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

ইউজিসি-এর বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। আদালতের রায়, পরীক্ষা নিতেই হবে। তবে কোন রাজ্য চাইলে ৩০ সেপ্টেম্বরের পরেও পরীক্ষা নিতে পারবে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, ল্যাবরেটরি এবং সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলি নেওয়া হবে এই মাসেই। কিন্তু ইউজিসি-এর সম্মতি না পাওয়া পর্যন্ত পরীক্ষার দিন ঘোষণা করা যাবে না। বহু বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ওপেন বুক এক্সাম পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়।

এই বিষয় নিয়ে আবুটার সাধারণ সম্পাদক অধ্যাপক গৌতম মাইতি বলেন, মহামারির পরিস্থিতির মধ্যেই বিশ্ববিদ্যালয় গুলিকে পরীক্ষা নিতে বাধ্য করছে ইউজিসি। তাদের এই ধরনের আচারণের আমার নিন্দা করছি। জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায়ের বক্তব্য, শীর্ষ আদালতে রায় মানতে হবে। তাই পরীক্ষা নিতেই হবে। বাড়িতে বসে বই খুলে পরীক্ষা দেওয়া নিয়ে মতামত দিয়েছেন অধ্যাপক নীলাঞ্জনা গুপ্ত। তার মতে, বহু দেশেই এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ বাড়ি থেকে পরীক্ষা দেওয়া যায়। একই পদ্ধতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে তাতে অস্বস্তির কোন কারণ আছে বলে তিনি মতে করছেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত