লোকসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের প্রার্থী। ভোটের দিন এগিয়ে এলেও এখনও বাংলার কোনও বিরোধী দল তাঁদের প্রার্থী দেয়নি। আইএসএফ বিধায়ক অভিষেকের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়তে প্রস্তুত কিন্তু দলের তরফেই এখনও অনুমোদন পাওয়া যায়নি। কেন নওশাদকে (Nawshad Siddiqui) ডায়মন্ড হারবারে প্রার্থী করতে এত টালবাহানা হচ্ছে, কারণ কী?

আরও পড়ুন: সুকান্তর হাত ধরে বাম-তৃণমূল কর্মীদের বিজেপি যোগ, বালুরঘাটে অস্বস্তিতে শাসক শিবির?
কয়েকদিন আগেই বাংলায় আট আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ (ISF)। সেখানে নাম ছিল না ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ভোট আবহেই ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি একাধিকবার ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে সংগঠনের গণতন্ত্র মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

আইএসএফের রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে, ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকির প্রার্থী হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নওশাদ আইএসএফের চেয়ারম্যান, বর্তমান বঙ্গ রাজনীতির ময়দানে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, ২০২১-এর নির্বাচনে চারিদিকে যখন তৃণমূল-বিজেপির মধ্যে লড়াই সীমাবদ্ধ সেখানে দাঁড়িয়ে অন্যতম বিরোধী হিসেবে ভাঙড় বিধানসভা কেন্দ্রে শাসক দল তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকি মনে করছেন, তিনি প্রার্থী হলে ডায়মন্ড হারবারে কঠিন লড়াই হতে পারে। কিন্তু তাও কেন নিজের ইচ্ছেপূরণ করতে পারছেন না নওশাদ?
২৬-এর ‘লক্ষ্যে’ নওশাদকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করতে চাইছে না দল, কী প্ল্যান ISF-এর?

সূত্রে খবর, আইএসএফের রাজ্য কমিটি ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) পাখির চোখ করেছে। ২৬-এর ভোটে নওশাদ সিদ্দিকিকে মুখ করেই লড়াইয়ে নামতে চায় দল। সেক্ষেত্রে নওশাদ যদি ডায়মন্ড হারবারে প্রার্থী হন তাহলে আইএসএফ ‘লক্ষ্যভ্রষ্ট’ হতে পারে। এই কারণেই আইএসএফ রাজ্য কমিটি তাঁকে অনুমোদন দিতে চাইছে না। অন্যদিকে, ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো নিয়ে আত্মবিশ্বাসী ভাঙড়ের বিধায়ক। শেষ পর্যন্ত কী হয় তার অপেক্ষায় সব মহল।



