আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। আর তার আগে সেই কেন্দ্রে আরও শক্তি বাড়াল বিজেপি। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন প্রায় ২০ থেকে ২৫টি পরিবার। গঙ্গারামপুরের চালন গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল ও সিপিআইএম কর্মীরা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন।

শুক্রবারের পর আজ, শনিবার সকাল থেকেই প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন সুকান্ত মজুমদার। সকালে হিলিতে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে সফরসূচি শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি। এরপর বেলা ১টার সময় চলে আসেন গঙ্গারামপুরে। সেখানে র্যালি করে জনসংযোগ করেন তিনি।





