নন্দীগ্রাম-ভবানীপুরে সরাসরি দ্বৈরথ? শুভেন্দুর ‘ডাবল চ্যালেঞ্জ’-এর জবাবে কি দুই আসনেই লড়বেন মমতা?

২০২৬ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই লড়ছেন। পাল্টা কৌশল হিসেবে কি একই পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অর্ক সানা: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বিজেপির প্রার্থী তালিকা। দলের প্রথম তালিকায় ঘোষণা করা হয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার লড়বেন দুটি কেন্দ্র থেকে—নন্দীগ্রাম এবং ভবানীপুর। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে—এর জবাবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কৌশল নেবেন? মনে করা হচ্ছে, বিজেপির এই চ্যালেঞ্জের পাল্টা দিতে তিনি ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও প্রার্থী হতে পারেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনেই প্রথমবার নন্দীগ্রাম থেকে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে টানটান লড়াইয়ের শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন তিনি। সেই পরাজয় নিয়ে গত পাঁচ বছর ধরে রাজনৈতিক টিপ্পনি চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন—“কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার”।

- Advertisement -

তবে নন্দীগ্রামে হারলেও রাজনীতির লড়াই থামাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছরই নিজের ‘ঘরের মাঠ’ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে দাঁড়িয়ে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল-কে ৫৮,৮৩৫ ভোটে হারিয়ে আবার বিধানসভায় ফেরেন তৃণমূল নেত্রী।

এখন পরিস্থিতি বদলেছে। ২০২৬ সালের নির্বাচনের আগে বিজেপি ১৪৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবার শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুর থেকেও লড়াইয়ে নামছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি একদিকে যেমন তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, তেমনই স্পষ্ট বার্তা দিয়েছে—রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন শুভেন্দু অধিকারী।

এই প্রেক্ষাপটে তৃণমূলের কৌশল কী হবে, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। অনেক বিশ্লেষকের মতে, বিজেপির এই পদক্ষেপের পাল্টা দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও দুটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কৌশল নিতে পারেন।

ভবানীপুর দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তুলনামূলক নিরাপদ আসন। অন্যদিকে নন্দীগ্রাম তাঁর কাছে রাজনৈতিকভাবে এক অসমাপ্ত অধ্যায়। ২০২১ সালের সেই পরাজয়ের স্মৃতি এখনও রাজনৈতিক আলোচনায় ফিরে আসে।

- Advertisement -

সেই কারণেই অনেকের ধারণা, নন্দীগ্রামে ফের লড়াইয়ে নামলে তা হবে এক ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াই। একই সঙ্গে ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি লড়াই হলে তা বাংলার নির্বাচনী রাজনীতিতে অন্যতম বড় দ্বৈরথ হয়ে উঠতে পারে।

ফলে প্রশ্ন এখন একটাই—২০২৬ সালের নির্বাচনে কি নন্দীগ্রাম ও ভবানীপুরে মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী? উত্তর মিলবে খুব শিগগিরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর