নজরবন্দি ব্যুরো: এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একই কথা বলেছিলেন। এবার সেই সুরই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। অধীর অবশ্য শুধু পুলিশকে দোষারোপ করেছিলেন। সুকান্ত আরও একধাপ এগিয়ে সরাসরি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, ভাইপোর নির্দেশে নকল ব্যালটে ভোট হবে।
আরও পড়ুন: প্রচারে গিয়ে ‘চোর চোর’ শুনতে হলে আমাদের খারাপ লাগবে, সায়নীকে খোঁচা সুকান্তের!
রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্যের পুলিশ। আজ, বুধবার নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে প্রচার সেরে দক্ষিণ দিনাজপুরের বিজেপি পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার এই প্রসঙ্গেই বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন, পুলিশ সুপারদের ভাইপোর নির্দেশে চলতে হয়। ভাইপো অখুশি হলে বদলি হয়ে যায়। বেশ কিছু পুলিশ অফিসার ভাইপো কথায় কাজ করেন। এঁদের মাথা হলেন পুরুলিয়ার পুলিশ সুপার। ইনি আগে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন। এরা সিন্ডিকেট চালায়। এই সিন্ডিকেটের টাকা ভাইপোর কাছে পৌঁছায়। পুরুলিয়াতে বিজেপি যেহেতু অত্যন্ত শক্তিশালী তাই সেখানে নকল ব্যালট পেপার দিয়ে ভোট লুটের কারবার চলছে ভাইপোর নেতৃত্বে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করবে। বিজেপি অগণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নিয়ম মানেন না’।

অন্যদিকে, রাজ্যে সব্জির দাম আগুন। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। হঠাৎ করে এই সব্জির মূল্যবৃদ্ধির প্রসঙ্গেও সরব হলেন সুকান্ত মজুমদার। তাঁর মতে, ‘বিগত বেশ কয়েকদিন ধরে সব্জির দাম তিন গুণ বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ এই কারণে বিপদে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি না হওয়া এবং অতিরিক্ত গরমের কারণে সব্জির ফলন কম হয়েছে। আমাদের এখানে মাত্র ৪৭ শতাংশ জমি সেচের আওতাভুক্ত রয়েছে। আরও বেশি থাকলে তাহলে আমরা জমিতে জল দিতে পারতাম। রাজ্য সরকারের অপরিণামদর্শিতা এবং গঠনমূলক চিন্তার অভাবে প্রকৃতিনির্ভর কৃষিতেই আটকে আছি। কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে লাগান সিনেমার মতো বৃষ্টির জন্য বসে আছে। তাহলে পরিত্রাণ হচ্ছে না, ত্রাণ হচ্ছে। ছোট মানসিকতার রাজনীতির জন্য মানুষ ভুগতে হচ্ছে’।
ভাইপোর নির্দেশে নকল ব্যালটে ভোট হবে, বিস্ফোরক অভিযোগ সুকান্তের




