লোকসভা নির্বাচনের বাকি আর প্রায় দু সপ্তাহ। বাংলায় ৪০ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। কিন্তু অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপির কে প্রার্থী হবে তা এখনও নিশ্চিত নয়। একাধিক নাম উঠে আসছে। জল্পনা তুঙ্গে। তবে বর্তমান সময় দুটি নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ‘হেভিওয়েট’ প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একজন আইনজীবীকে প্রার্থী করতে পারে পদ্ম শিবির।



আরও পড়ুন: গ্রেফতারির দেড় বছর পরও কেষ্টর পাশে দল, বীরভূমে দাঁড়িয়ে বিজেপিকে তোপ অভিষেকের
ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুটি নাম নিয়ে আলোচনা চলছে তাঁরা হলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং কৌস্তভ বাগচী। রাজনীতির পাশাপাশি দুজনেই আইনের ময়দানের পাকা খেলোয়াড়। প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত, পদ্ম প্রতীকে ভোটেও দাঁড়িয়েছিলেন। ২০২১-এর বিধানসভা উপনির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ফলাফল সকলেরই জানা। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। এবার তৃণমূলের নম্বর ২-এর প্রতিদ্বন্দ্বী মুখ হিসেবেও প্রিয়াঙ্কাকে বাজি ধরতে পারে বিজেপি (BJP)।

কিছু সময় আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কৌস্তভ বাগচী। পুরনো দলকে নিয়ে একাধিক ক্ষোভের কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপিতে ‘নবাগত’ কৌস্তভকে প্রার্থী করা হতে পারে। যদিও এনিয়ে কৌস্তভ জানিয়েছেন, ‘দলে সদ্য যোগ দিয়েছি, আগে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। টিকিট পেতে দলবদল করিনি। আমার সঙ্গে দলের এনিয়ে কথাও হয়নি। তবে দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করব।’


ডায়মন্ড হারবারে ‘ঘর’ করতে ‘আইনের আঙিনায়’ বিজেপি! অভিষেকের বিরুদ্ধে এই দুই মুখ নিয়ে আলোচনা পদ্ম শিবিরে

উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি। বঙ্গ বিজেপির নেতৃত্ব দিল্লিতে বৈঠকে বসেছিলেন, কিন্তু সূত্রে খবর, দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। কয়েকদিন আগেই বাংলায় দ্বিতীয় দফায় ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি, কিন্তু সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের নাম ছিল না।







