নজরবন্দি ব্যুরো: রবিবার প্রকাশিত হয়েছে রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফল। কংগ্রেসকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার প্রশ্ন, মরুরাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? এই তালিকায় কিন্তু নাম উঠে আসছে বেশ কয়েকটি। এখন, পদ্ম শিবিরের পক্ষ থেকে কাকে মুখ্যমন্ত্রী করা হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: বাম শিবিরে খুশির হাওয়া, গাইঘাটায় TMC-কে হারিয়ে সমবায় দখল করল CPIM




বিজেপির ভাবনায় ফের ‘যোগী’ মডেল, রাজস্থানে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে কে?
গেরুয়া শিবির সূত্রে খবর, এদের মধ্যে এগিয়ে রয়েছেন মহন্ত বালকনাথ যোগী। অর্থাৎ, উত্তরপ্রদেশের পর ফের কোনও এক রাজ্য পেতে চলেছে সন্ন্যাসী রাজাকে। বালকনাথ যোগীর রাজনৈতিক গুরু হলেন প্রয়াত মহন্ত চন্দ্রনাথ। অল্পদিন রাজনীতিতে এলেও বালকের জনপ্রিয়তা কিন্তু বেশ ভালোই।

২০১৭ সালে মহন্ত চন্দ্রনাথ যোগীর প্রয়াণের পর নাথ সম্প্রদায়ের বৃহত্তম মঠ অষ্টম বোহরের দায়িত্ব গ্রহণ করেন বালকনাথ যোগী। বর্তমানে তিনি বাবা মস্তনাথ মঠের মহন্ত হিসাবেও কাজ করছেন। হরিয়ানার রোহতকে মস্তনাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদেও রয়েছেন তিনি। সব মিলিয়ে, এই মুহূর্তে কিন্তু মহন্ত বালকনাথ যোগীর নাম মরুরাজ্যের আনাচে কানাচে ভেসে বেড়াচ্ছে।










