নজরবন্দি ব্যুরোঃ বুধবার সপ্তম দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মস্কোর পুরোদস্তুর আঘাতে ইতিমধ্যেই বিপর্যস্ত কিভ। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের সেনা নিহত হওয়ার পাশাপাশি সাধারণ জনগণেরও মৃত্যু হচ্ছে। এরই মধ্যে চলমান সঙ্ঘাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে ‘ইউক্রেনের স্বপ্ন’, বিশ্বের সর্ববৃহৎ বিমান এএন-২২৫। যুদ্ধে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ হাজার সেনা এবং ২ হাজার সাধারণ মানুষের। ঘরছাড়া প্রায় ৯ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে রাশিয়াকে রুখতে ইউক্রেনের অস্ত্রভাণ্ডার সাজিয়ে দিল ১০ টি দেশ।
আরও পড়ুনঃ ভরসার নাম IAF aircraft C-17, ইউক্রেন থেকে ফিরছে ১৭ হাজার ভারতীয়
ইউক্রেনের হাসপাতালগুলি ২৪ ঘণ্টার মধ্যে অক্সিজেন শূন্য হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কার্যত নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে দেশ কে রক্ষা করতে ইউক্রেন সেনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন প্রায় ৮০ হাজার সাধারণ নাগরিক। এমতাবস্থায় ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়েছে অনেক দেশ।
রাশিয়াকে রুখতে ইউক্রেনের অস্ত্রভাণ্ডার সাজিয়ে দিল ১০ টি দেশ! দেখুন কোন দেশ কি অস্ত্র দিল ইউক্রেনকে।

ইউক্রেনের সামনের সারির যোদ্ধাদের জন্য বুলেটপ্রুফ জ্যাকেটও পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট। শুধু তাই নয় বাইডেন সরকার ইতিমধ্যেই ইউক্রেনে মোট প্রায় ৩৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৬৩৬ কোটি টাকা)-এর অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেছে। পাশাপশি রাশিয়াকে রুখে দেওয়ার মত ট্যাঙ্ক এবং বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রও পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।
ব্রিটেনও ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়াও ইউক্রেনকে একাধিক আগ্নেইয়াস্ত্র দিয়েও সাহায্য করেছে ব্রিটেন। প্রয়োজনে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া নিয়েছে বরিস জনসনের সরকার। ব্রিটেনের পাশাপশি ফ্রান্স সরকার অস্ত্র এবং জ্বালানি দিয়ে কিভকে সাহায্য করেছে। পাশাপশি যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র পাঠানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

নেদারল্যান্ড যুদ্ধবিমান এবং ভারী ট্যাঙ্ক বিধ্বংসী রকেটের জোগান দিচ্ছে। ইউক্রেনকে ২০০টি যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ৫০টি প্যানজারফাস্ট ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং আরও ৪০০টি রকেট সরবরাহ করা হবে বলে জানিয়েছে নেদারল্যান্ড সরকার। নেদারল্যান্ডের পাশাপশি, ইউক্রেনের উপর রুশ আগ্রাসন রুখতে জার্মানি এক হাজার ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্র এবং ৫০০টি ভূমি থেকে আকাশে নিক্ষেপকারী মিসাইল সরবরাহ করছে।
সাহায্য পাঠিয়েছে কানাডাও। ইউক্রেন সরকারকে একাধিক অস্ত্র এবং এবং প্রায় আড়াই হাজার কোটি টাকার ঋণ দিয়ে অর্থ সাহায্য পাঠাচ্ছে কানাডা। বেলজিয়াম সরকার তিন হাজার স্বয়ংক্রিয় রাইফেল, ২০০টি ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং তিন হাজার ৮০০ টন জ্বালানি সরবরাহ করছে। পর্তুগাল ইউক্রেনকে অন্ধকারে দেখতে পাওয়া চশমা, স্বয়ংক্রিয় জি৩ রাইফেল, হেলমেট, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট এবং গ্রেনেড দিচ্ছে।

চেক প্রজাতন্ত্র চার হাজার মর্টার, ৩০ হাজার পিস্তল, সাত হাজার স্বয়ংক্রিয় রাইফেল, তিন হাজার মেশিনগান এবং দশ লক্ষ বুলেট দিয়ে সাহায্য করছে। পাশাপাশি, স্টকহোম সরকারও ইউক্রেনকে পাঁচ হাজার ট্যাঙ্ক- বিধ্বংসী মিসাইল, খাদ্যসামগ্রী এবং বুলেটপ্রুফ জ্যাকেট দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে।
ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে গ্রীস, রোমানিয়াও। খাবার এবং সেনা সরঞ্জাম পাঠাচ্ছে গ্রীস। রোমানিয়া, ইউক্রেনকে ১১টি সেনা হাসপাতাল, জ্বালানি, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট দিয়ে সাহায্য করছে।



