শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর দিন গোনা। হাতে আর সময় মাত্র ২ মাস মতো। অক্টোবর মাসের ৯ তারিখে দেবীর বোধন বা মহাষষ্ঠী। তাই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। আর পুজোয় চমক দিতে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতার নাম করা পুজো কমিটিগুলি। কলকাতায় এখন থিম পুজোর রমরমা। মধ্য কলকাতার পুজো গুলোর মধ্যে থিমের নিরিখে বরাবর নজর কাড়ে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।

শুধু কী নজর কাড়ে, সন্তোষ মিত্র স্কোয়ারের থিমের মণ্ডপকে আসল অযোধ্যার রাম মন্দির ভেবে ভুল করে টুইট করেও ফেলেন তারকারা। গত বছর যেখানে রাম মন্দিরের আদলে মণ্ডপ গোটা দেশে ঝড় তুলেছিল সেখানে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম কী? তা নিয়ে কৌতুহল ছিল অনেকের মধ্যেই। সেই পুজোয় এবারেও দারুণ চমক। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় থাকবে 11D শো! লাস ভেগাসের ‘স্ফিয়ারের’ আদলে তৈরি হচ্ছে সজল ঘোষের পুজোর মণ্ডপ, যার প্রধান আকর্ষণ বহুমাত্রিক শো–11D! পুজো কমিটি জানিয়েছে এবারে তাদের পুজোর থিম মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার।

বিশাল এই গোলকের গায়ে দেখা যাবে নানা রকম ছবি ও আলোর খেলা। আর ভিতরে দেখা যাবে সায়েন্স সিটির স্পেস ওডেসির মতো 11D চলচ্চিত্র। সেখানে দুর্গার কাহিনী ও মহিমা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে। গত বছর রাম মন্দির করে সব্বাইকে চমকে দিয়েছিল এই পুজো কমিটি। লোকের ভিড় ছিল দেখার মত। মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত সেই মণ্ডপ দেখতে তিল ধারণের জায়গায় ছিল না।
গত বছর ছিল রাম মন্দির, এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম কী?

মানুষের চাপে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রিতিমা দর্শন। জানিয়ে বিতর্কের অন্ত ছিল না। এই পুজো কমিটি তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে এবারে থিম নিয়ে ভিডিও পোস্ট করে বলেছে, “যেখানে তোমাদের ভাবনা শেষ। সেখানে আমাদের ভাবনা শুরু। দেখাবে লেবুতলা চমকাবে বাংলা”।



