নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে ২৪ কোটি টাকা আত্মসাত করেছেন নুসরত। সোমবার সন্ধ্যাবেলা প্রতারিতদের নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে দেখা যায় শঙ্কুদেবকে। এখন এই অভিযোগের বিষয়ে কী বলছেন নুসরত?
আরও পড়ুন: লোকসভার আগেই রাজ্য বিজেপিতে রদবদল, সভাপতি থাকবেন সুকান্ত? দলের অন্দরে জোর জল্পনা!


কোটি কোটি টাকা নয় ছয় করার অভিযোগ নিয়ে ঠিক কী প্রতিক্রিয়া দিলেন নুসরত জাহান, তা জানতে চান সকলেই। তবে, নুসরত জাহানের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত সরাসরি পাওয়া যায়নি। সূত্রের খবর, যেহেতু বিষয়টি ইডির কাছে পৌঁছেছে তাই নিজের আইনজীবীর পরামর্শ নিয়েই মুখ খুলবেন অভিনেত্রী সাংসদ।

এই মুহূর্তে কলকাতায় নেই নুসরত জাহান। সংসদের বাদল অধিবেশনে যোগ দিতেও তাঁকে দিল্লিতে দেখা যায়নি। আবার, নিজের কেন্দ্র বসিরহাটেও তিনি যাননি বহুদিন হল। প্রথম সারির কিছু সংবাদমাধ্যম সূত্রে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও নুসরত নাকি ফোন ধরেননি। অর্থাৎ, আপাতত মুখে কুলুপ আঁটার সিদ্ধান্তই নিয়েছেন অভিনেত্রী সাংসদ। ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?



নুসরতের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। শঙ্কু দেব পান্ডা বলছেন, গড়িয়াহাট রোডে মেসার্স সেভেন সেন্স ইনফাস্ট ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি আছে। সেই কোম্পানির ডিরেক্টর তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই সংস্থার মাধ্যমেই টাকা তুলে আত্মসাৎ করেছেন নুসরত বলে অভিযোগ।
শঙ্কু আরও বলেছেন, প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরতের সংস্থা দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে।

জানা যায়, মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন। যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন। বিজেপি নেতার দাবি, সাধারণ মানুষের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল তাই দিয়ে নুসরত নিজে পাম এভিনিউতে ফ্ল্যাট কিনেছেন। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন তিনি।
তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, ঠিক কী বলছেন নুসরত?








