নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই গুমোট ভাব কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। কখনও রোদ, কখনও মেঘ! শহরের আকাশের চেহারাটা খানিকটা এরকমই। গত ক’দিন কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুনঃ ফের নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ


এদিকে, চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড়! রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘অশনি’ তৈরি হতে পারে। বঙ্গোপসাগরের ওপর ক্রমেই ঘণীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। এখন নিম্নচাপে বদলে গেছে। এই নিম্নচাপই আরও শক্তি সঞ্চয় করে গভীর থেকে গভীরতর নিম্নচাপের চেহারা নেবে রবিবার। এর জেরেই গোটা বাংলা জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও।
দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে (Weather)। যার জেরে আন্দামান এবং নিকোবরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে বাংলাতেও এর রেশ পড়বে বলেই মনে করা হচ্ছে।



মৌসম ভবন জানিয়েছে, বুধবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। শুক্রবার নাগাদ সেটি নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে। সময়ের সঙ্গে সেটি আরও শক্তি বাড়াবে। এই নিম্নচাপ ওড়িশার দিকেও এগোতে পারে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস বলছে, ই নিম্নচাপই আরও জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে আগামী ৮ মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরেই আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ওড়িশা উপকূল এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, গভীর নিম্নচাপে বদলাচ্ছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা (Weather)। এখন থেকেই মৎসজীবী ও পর্যটকদের গতিবিধি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।







