একদিকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট, অন্যদিকে দক্ষিণবঙ্গে ঘাম ঝরানো গরম—এমনই দ্বিমুখী আবহাওয়ার ছবি সামনে আনল আবহাওয়া দফতর। আন্দামান-নিকোবরের সব অংশে বর্ষা পৌঁছে যাওয়ার পর এবার কেরলেও সময়ের আগেই বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাংলায় আপাতত উত্তর ও দক্ষিণের আবহাওয়ায় স্পষ্ট ফারাক বজায় থাকবে বলেই পূর্বাভাস।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরে সক্রিয় হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ছ’দিন আগেই, অর্থাৎ ২৬ মে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন।
দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল পরিস্থিতি
আগামী সাত দিন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না হলেও বাতাসে আর্দ্রতার কারণে ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেক বেশি অনুভূত হবে।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ মঙ্গলবার এবং বুধবার নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বুধবার থেকে পরিস্থিতি আরও সক্রিয় হবে বলে পূর্বাভাস।
দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার দাপট বাড়তে পারে। ফলে পাহাড় ও ডুয়ার্স এলাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মৌসুমি বায়ুর দ্রুত অগ্রগতির ইঙ্গিত মিললেও বাংলায় এখনই স্বস্তির বৃষ্টি মিলছে না। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি যেমন বাড়বে, তেমনই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহভর।



