নজরবন্দি ব্যুরোঃ চাতকের মত অপেক্ষায় কৃষকেরা, জুন মাসে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জুলাই মাসেও এখনও সেভাবে বৃষ্টি হয়নি। বঙ্গোপসাগরে জমাট বাঁধা নিম্নচাপ (depression) চিন্তা বাড়াচ্ছে উপকূলে। যার জেরে আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ। ফলে অস্বস্তি বাড়তে পারে।
আরও পড়ুনঃ দিতে হবে বকেয়া বেতন, মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আলিপুর হাওয়া অফিস (Weather Forest) সূত্রে খবর, ওড়িশার উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ। আগামিকাল, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের কারণে বেশ বেগেই হাওয়া বইবে। এই ক’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি হবে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।
বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানিতে হতাশ মৎস্যজীবীরা। এখন ইলিশের ভরা মরসুম। এর মাঝে সমুদ্রে মাছ ধরতে যেতে না পারলে ব্যবসার অনেক ক্ষতি হবে বলেই আশঙ্কা করছেন তাঁরা। নিম্নচাপ দানা বেঁধেছে ওড়িশা উপকূলের কাছে। তার জেরে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হতে পারে বলে খবর। তাই বুধবার থেকে শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপকূলঘেঁষা সমুদ্রের উপর হাওয়া বইতে পারে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।
চলতি বছর সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু, সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ঘাটতি ছিল প্রায় ৪৯ শতাংশ। জুলাই মাসের ১৩ দিন অতিবাহিত হলেও সেভাবে মেলেনি বৃষ্টিপাতের দেখা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সেভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চার দিন। তবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাত সামান্য বাড়তে পারে।
নিম্নচাপের জেরে ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কড়া সতর্কতা মৎস্যজীবীদের জন্যেও

নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন বৃষ্টি হবে বটে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই থাকবে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।



