জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, কলকাতায়ও ভিজবে সপ্তাহান্ত

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কোথাও ভারী বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া, কলকাতাতেও সপ্তাহান্তে ভিজবে শহর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তাপপ্রবাহের দাপট কাটিয়ে দক্ষিণবঙ্গে এখন স্বস্তির হাওয়া—আর সেই স্বস্তিকে আরও জোরালো করতে ফের সক্রিয় হচ্ছে ঝড়-বৃষ্টির সিস্টেম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এমনকি ভোট গণনার দিনেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ফলে গরমের দমবন্ধ পরিস্থিতি থেকে খানিকটা মুক্তি মিলতে পারে।

কলকাতার আকাশে মেঘ-রোদ লুকোচুরি

শনিবার সকাল থেকেই Kolkata-র আকাশে কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা। তাপমাত্রাও বেশ নীচে নেমেছে—সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে অনেক কম) এবং সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার ও রবিবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল তুলনামূলক পরিষ্কার থাকলেও দুপুরের পর বৃষ্টি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বাড়তি দাপট

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে  বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার ইঙ্গিত মিলেছে।

উত্তরবঙ্গেও জারি সতর্কতা

উত্তরবঙ্গেও থামছে না বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত।
এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া।

সব মিলিয়ে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আবহাওয়া থাকবে অস্থির—তবে তীব্র গরম থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত