পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ সময়সীমা সামনে এল। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ মের মধ্যেই রাজ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে। অর্থাৎ তার আগেই ভোটগ্রহণ, ফল ঘোষণা এবং নতুন বিধায়কদের শপথ—সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
মঙ্গলবার কমিশনের তরফে বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে প্রশাসনিক বদলি সংক্রান্ত যে নির্দেশিকা জারি হয়েছে, তাতেই এই সময়সীমার ইঙ্গিত স্পষ্ট হয়েছে। সেখানে ভোটমুখী পাঁচ রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ৭ মে।
বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত আধিকারিকদের নিজ জেলায় বা দীর্ঘদিনের কর্মস্থলে রাখা হবে না। নিরপেক্ষ ভোট পরিচালনার স্বার্থে তাঁদের বদলি করা হবে।
বিধানসভা সচিবালয়ের সূত্রে জানা গেছে, কমিশনের এই বার্তা অনুযায়ী ৭ মের মধ্যেই অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের তালিকা প্রকাশ করতে হবে। এরপর রাজ্যপাল প্রোটেম স্পিকার নিয়োগ করবেন এবং নতুন বিধায়কদের শপথের ব্যবস্থা করা হবে।
জানা যাচ্ছে, এপ্রিল–মে মাসে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির সঙ্গে একই সময়ে পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত দু’দশক ধরে এই পাঁচ রাজ্যের ভোটগণনা একসঙ্গে হয়েছে। এবারও সেই রীতিই বজায় থাকতে পারে বলে কমিশন সূত্রে খবর।


কমিশন নির্দেশ দিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে প্রশাসনিক বদলি সম্পূর্ণ করতে হবে এবং সেই রিপোর্ট জমা দিতে হবে। তার পরেই পাঁচ বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।










