বয়কটের নাটক শেষে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। সেই সিদ্ধান্তের পর প্রথমবার মুখ খুলল ভারতীয় শিবির। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিলেন, রবিবারের মহারণকে ঘিরে সতর্ক থাকছে টিম ইন্ডিয়া, তবে রাজনীতি নয়—তাদের নজর শুধুই ক্রিকেটে।
ভারত বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে। সেই ম্যাচের আগে দিল্লিতে সাংবাদিক বৈঠকে পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে দুশখাতে বলেন, “আইসিসি বা আমাদের বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত আমরা সূচি অনুযায়ীই প্রস্তুতি নিয়েছি। আমরা ধরে নিয়েই এগোচ্ছিলাম যে রবিবার ম্যাচ হবে। রাজনীতি নিয়ে ভাবিনি, শুধু ক্রিকেটের উপরেই মন দিয়েছি।”
তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না বলেই মনে করছে ভারতীয় দল। সহকারী কোচের মতে, কলম্বোর পরিবেশ পাকিস্তানের পক্ষে কিছুটা সুবিধাজনক হতে পারে।
দুশখাতে বলেন, “কলম্বোতে গিয়ে খেলা যথেষ্ট চ্যালেঞ্জের। পাকিস্তান সেখানে কয়েক সপ্তাহ ধরে রয়েছে। ওরা পরিবেশ ভালো করে চেনে। তাই আমরা সতর্ক। নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।”
এদিকে, এর আগে আইসিসির উদ্যোগে ভারত–পাক ম্যাচের জট কাটায় সন্তোষ প্রকাশ করেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে হওয়া আলোচনার ফলেই এই সমাধান সম্ভব হয়েছে।
শুক্লার কথায়, “লাহোরে গিয়ে পিসিবি ও বিসিবি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যে সমাধান বেরিয়েছে, তা প্রশংসনীয়। ক্রিকেটকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাকিস্তানকে আলোচনার টেবিলে আনা আইসিসির বড় সাফল্য।”
তিনি আরও জানান, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত সূচি অনুযায়ী ভারত–পাক ম্যাচ হবে, যা পুরো টুর্নামেন্টের জন্যই সুখবর।



