নজরবন্দি ব্যুরোঃ মাতৃভাষা যেন মাতৃদুগ্ধ সম, মাতৃভাষায় পঠনপাঠনের নিরিখে দেশের সেরা রাজ্যের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন বা ইউডিআইএসই কেন্দ্রকে সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট দিয়েছে। ইউডিআইএসই-র রিপোর্টে পশ্চিমবঙ্গকে মাতৃভাষায় পঠনপাঠনের নিরিখে দেশের সেরা রাজ্য হিসেবে ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ #ResignDilipGhosh হ্যাসট্যাগে বিদ্ধ দিলীপ, রাজ্য সভাপতির অপসারণ চাইছেন তথাগত!
ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন – এর রিপোর্ট অনুযায়ী, মাতৃভাষায় শিক্ষাদানে দেশের সবকটি রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রকে পাঠানো রিপোর্টে বলা হয়েছে বাংলায় ৮৯.৯ শতাংশ ছাত্রছাত্রী বাংলা মাধ্যমের স্কুলে পড়াশোনা করে। পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াশোনা করে মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া।
রিপোর্টের আর একটি বড় দিক হল, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী মানুষ রয়েছেন। যার মধ্যে ৮০ শতাংশ বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করে! ইউডিআইএসই এর রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। তবে শতাংশের ভিত্তিতে বাংলার থেকে অনেক পিছিয়ে এই রাজ্য। পশ্চিমবঙ্গে যেখানে ৮৯.৯ শতাংশ পড়ুয়া নিজের মাতৃভাষায় পড়াশোনা করে সেখানে কর্ণাটকে ৫৩.৫ শতাংশ মাতৃভাষা কন্নড় মাধ্যমে পড়াশোনা করে। আর ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে ২০ শতাংশ।
মাতৃভাষায় পঠনপাঠনের নিরিখে দেশের মধ্যে ক্রমশ পিছিয়ে পড়ছে কেরল বা তামিলনাড়ুর মত রাজ্য গুলো। সেখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনার তাগিদ বেশি লক্ষ্য করা গিয়েছে রিপোর্টে। তামিলনাড়ুতে মাত্র ৪২.৬ শতাংশ পড়ুয়া তামিল ভাষায় পড়াশোনা করে। আর কেরলে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া পড়ে মালয়ালম ভাষায়। মাতৃভাষা যেন মাতৃদুগ্ধ সম, বাংলা ভাষার প্রতি বাঙালিদের ভালবাসা থেকে জন্ম হয়েছিল ভাষা দিবসের। এবার ভারতের মধ্যে বাঙালি রাজ্য পশ্চিমবঙ্গ সেরার শিরোপা পাওয়ায় গর্বিত বাঙালিরা।



