সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) ইস্যুতে নতুন মোড়। সুপ্রিম কোর্টে মডিফিকেশন আবেদন করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, বর্তমানে ২৫ শতাংশ ডিএ একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তাই মহার্ঘভাতা পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়েছে রাজ্য সরকার।
ডিএ মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ একসঙ্গে মেটানো এখন আর্থিকভাবে সম্ভব নয়। সেই কারণেই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানিয়ে সময় চাওয়া হয়েছে।


রাজ্য সরকারের তরফে করা এই মডিফিকেশন আবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক যাতে ধাপে ধাপে ডিএ সংক্রান্ত দায়বদ্ধতা পূরণ করা যায়।
সরকারি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের তুলনায় অনেক কম ডিএ পাচ্ছেন তারা। সেই প্রেক্ষিতে বিষয়টি আদালতে গড়ায় এবং পরে সুপ্রিম কোর্টে মামলা পৌঁছায়। এরই মধ্যে আদালতের নির্দেশ ঘিরে রাজ্য সরকারের উপর চাপ বাড়ছিল।
তবে রাজ্যের বক্তব্য, একসঙ্গে বিপুল পরিমাণ অর্থ ডিএ বাবদ পরিশোধ করলে রাজ্যের আর্থিক কাঠামোর উপর বড় প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি বিবেচনা করে আদালতের কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।


এখন দেখার, সুপ্রিম কোর্ট এই আবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় এবং সরকারি কর্মীদের বহুদিনের ডিএ বকেয়া নিয়ে আইনি লড়াই কোন দিকে মোড় নেয়।







