সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করে রবিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। নতুন নিয়মে গ্রুপ এ থেকে গ্রুপ ডি— সব ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রাজ্যের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন গ্রুপভিত্তিক সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স আলাদা করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে চাকরির সুযোগ হারানো বহু প্রার্থী নতুন করে আবেদন করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।


নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ এ পদে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৪১ বছর করা হয়েছে। গ্রুপ বি-র ক্ষেত্রে সেই সীমা বেড়ে হয়েছে ৪৪ বছর। অন্যদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি— দুই ক্ষেত্রেই আবেদনের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪৫ বছর।
শুধু পিএসসি নয়, রাজ্যের বিভিন্ন স্ট্যাটুটারি বডি, সরকারি সংস্থা এবং স্থানীয় প্রশাসনের নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়স ৪৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নতুন এই নিয়ম চলতি বছরের ১১ মে থেকেই কার্যকর হয়েছে।
ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তার মধ্যেই অন্যতম ছিল সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধির ঘোষণা। সেই প্রতিশ্রুতিকেই এ বার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর করা হলো।


রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘদিন চাকরির নিয়োগ প্রক্রিয়া বন্ধ বা ধীরগতিতে চলার কারণে বহু চাকরিপ্রার্থী বয়সসীমার বাইরে চলে গিয়েছিলেন। নতুন এই সিদ্ধান্তে তাঁদের বড় অংশই ফের চাকরির দৌড়ে ফিরতে পারবেন।
এক নজরে বয়সের ঊর্ধ্বসীমা
- Group A-এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪১ বছর
- Group B- এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৪ বছর
- Group C- এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর
- Group D- এর জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর







