পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই কি ভোট ঘোষণা? ঝুলে থাকা ৬০ লক্ষাধিক নাম ঘিরে বাড়ছে ধোঁয়াশা

পশ্চিমবঙ্গে এখনও চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়নি। ৬০ লক্ষাধিক নাম ‘বিবেচনাধীন’ তালিকায় থাকতেই আজ ভোটের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে এখনও চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়নি। অথচ রবিবারই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় ঝুলে থাকায় পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি প্রশ্ন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে।

রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটঘোষণার পরের দিন অর্থাৎ সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে।

তবে এর মধ্যেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। এই সংশোধনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। নির্বাচন কমিশন একটি প্রাথমিক তালিকা প্রকাশ করলেও তাতে এখনও ৬০ লক্ষের বেশি নাম ‘বিবেচনাধীন’ হিসেবে চিহ্নিত রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তথ্যগত অসঙ্গতিগুলির পর্যালোচনা করছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমানে ৭০০-রও বেশি আধিকারিক রাজ্য জুড়ে এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ ছিল।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেই তালিকা থেকে ইতিমধ্যে প্রায় ১৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। বেশ কয়েকটি জেলায় যাচাইয়ের কাজও শেষ হয়েছে। এই পুরো প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রতিদিনই রিপোর্ট নিচ্ছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় বিবেচনাধীন নামের নিষ্পত্তির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে খুব দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হবে। তবে মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর এবং মালদহের মতো জেলাগুলিতে এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই জেলাগুলিতেই বিবেচনাধীন ভোটারের সংখ্যাও তুলনামূলক বেশি ছিল।

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কিন্তু ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক তালিকায় ‘যোগ্য’ ভোটারের সংখ্যা নেমে আসে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯-এ।

যাচাইয়ের কাজ শেষ হলে সেই তালিকা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে। কমিশন তা প্রকাশ্যে আনবে। সূত্রের খবর, ভোটের আগে আরও একাধিক অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে, যার মধ্যে একটি তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ পেতে পারে।

তবে এই তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফ্‌টওয়ার ব্যবহারের প্রয়োজন রয়েছে। সেই সফ্‌টওয়ারের কার্যপদ্ধতি আদালতকে জানাতে হবে এবং আদালতের অনুমোদন পেলেই পরবর্তী তালিকা প্রকাশ করা যাবে। এই বিষয়েই আলোচনার জন্য রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত গত কয়েক দিন ধরে দিল্লিতে রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যত ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হবে, সেই সব নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। তবে সেই প্রক্রিয়া কী ভাবে বাস্তবায়িত হবে, তা নিয়েও এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে, এ বার পশ্চিমবঙ্গে আগের তুলনায় কম দফায় ভোট হতে পারে। নববর্ষের পর অর্থাৎ ১৫ এপ্রিলের পর প্রথম দফার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই সমস্ত ‘বিবেচনাধীন’ ভোটারের নামের নিষ্পত্তি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, সেই প্রশ্নও এখন সামনে আসছে। ফলে ভোট ঘোষণার পর বিষয়টি ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন